কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
শাসক দল তৃণমূলকে হারিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গেরুয়া ঝড়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের সমবায় নির্বাচনে তৃণমূলকে পর্যদস্ত করার পরে ভোটারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
রবিবার নন্দীগ্রামের ১নং ব্লকের ৫ নম্বর হরিপুর অঞ্চলের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে ১২-০ ভোটে বিজয়ী হলেন ভারতীয় জনতা পার্টির সকল প্রার্থীগণ। তারপরেই তৃণমূলকে তীব্র আক্রমণ করার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন ভোটারদের।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, সমবায়ের ১২ টি আসনের সবকটিতেই বিজেপি জয়লাভ করেছে । বিজিত প্রার্থীদের নামও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী ।

একটি পোস্টে তিনি লিখেছেন,’নন্দীগ্রাম ১ এ ৫ নম্বর জিপি’র অন্তর্গত দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর পরিচালন সমিতি নির্বাচনে ১২ টি আসনের সবকটিতেই রাষ্ট্রবাদী প্রার্থীরা চোরদের বিরুদ্ধে জয়লাভ করেছেন। চোরেদের হারিয়ে রাষ্ট্রবাদী প্রার্থীদের নির্বাচিত করার জন্য ভোট দাতা সকল সমবায়ী বন্ধুদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরীক অভিনন্দন জানাই।’ পোস্ট করা বিজয়ী প্রার্থীদের গেরুয়া রঙ মাখা একটি ছবিতে লেখা হয়েছে ম,’সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়’।