প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
ভারতীয় জনতা পার্টি শাসিত দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালি উচ্ছেদে স্থগিতাদেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আজ বৃহস্পতিবার পাতিয়ালা হাউস কোর্ট জানিয়ে দিয়েছে, ওই এলাকায় এখন কোনও উচ্ছেদ অভিযান চালানো যাবে না। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের এই রায় স্বস্তি পেলেন স্থানীয় বাঙালি ভাষাভাষী বাসিন্দারা।
দিল্লির অভিজাত বসন্তকুঞ্জ এলাকার পাশেই রয়েছে জয়হিন্দ কলোনি। জয় হিন্দ কলোনি একপ্রকার মিনি বাংলা। কয়েক দশক ধরে বাঙালি পরিবাররা এখানে বসবাস করছেন। সেখানে বসবাসকারীদের মধ্যে বেশিরভাগের বাড়ি বাংলার কোচবিহারে। জয়হিন্দ কলোনির বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে কয়েকদিন আগে সরব হয় তৃণমূল। ওই কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। অস্তিত্বের সংকটে ভুগছেন এখানকার বাংলাভাষীরা। ক্রমাগত উচ্ছেদের হুমকি, জল-বিদ্যুৎ বন্ধ। বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। মমতা একাধিকবার তাঁদের হয়ে সরব হয়েছেন। মমতার নির্দেশে তৃণমূলের প্রতিনিধিদলও ওই এলাকায় গিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছে। সংসদেও বিষয়টি তুলেছে তৃণমূল।
আদালতের এই নির্দেশকে দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির বাঙালি বিরোধী আগ্রাসনের যোগ্য জবাব হিসাবে দেখছে তৃণমূল। তৃণমূলের সোশাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হয়, দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট বসন্ত কুঞ্জে বাঙালি উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিল। সুবিচারের পথে এটা বিরাট পদক্ষেপ।
দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের এই স্থগিতাদেশের পরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন, আমরা সর্বত্র বাঙালিদের রক্ষা করার চেষ্টা করছি। যে কোনও ধরনের অন্যায়ের প্রতিবাদ করছি। আমরা আইনি লড়াইয়েও থাকবে। মাঠের লড়াইতেও থাকব। জয়েও থাকবে, এগিয়ে যাওয়াতেও থাকব।