শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে পিছোল বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। মঙ্গলবার বিকেলে জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে কমিশনের তরফে জানানো হয়েছিল 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। তবে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার স্ক্রুটিনি পর্ব আরো অন্তত এক সপ্তাহ বাড়ানোর জন্য। তারপরেই আজ এই সিদ্ধান্তের কথা জানালো কমিশন।
বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি প্রক্রিয়া চলবে৷ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নথি আপলোড এবং নিষ্পত্তি অর্থাৎ স্ক্রুটিনির প্রক্রিয়া চলবে৷ এতদিন ঠিক ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷ শুনানি শেষ হওয়ার কথা ছিল ৭ ফেব্রুয়ারি৷ যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পরই স্পষ্ট হয়ে যায়, রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছোতে চলেছে৷
নিজের জেলায় ৩ বছর কর্মরতদের বদলির নির্দেশ
নির্বাচনের দিন ঘোষণার আগেই সংশ্লিষ্ট রাজ্যের আধিকারিকদের বদলি সংক্রান্ত নির্দেশিকা জারি করল কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি এখনও। তবে তার আগেই রাজ্যের আধিকারিকদের বদলি সংক্রান্ত নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কাদের বদলি করা হবে, কাদের নয়— তা বিস্তারিত জানিয়ে ভোটমুখী রাজ্যগুলির মুখ্যসচিবদের চিঠি দেওয়া হল।
শুধু তা-ই নয়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদেরও নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, নির্বাচনের সঙ্গে যুক্ত কোনও আধিকারিক যদি গত চার বছরের মধ্যে তিন বছর নিজের জেলায় কর্মরত থাকেন, তবে তাঁকে বদলি করতে হবে। যদি এই সময়ের মধ্যে পদন্নোতিও হয়, তবে সেটাও ধরা হবে সময়কালের হিসাবে।

বদলির ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে, তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের নির্দেশিকায়। কোন কোন আধিকারিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে, সেই প্রসঙ্গে কমিশন জানিয়েছে, বদলি করতে হবে ডিইও বা জেলাশাসক, আরও, এআরও, ইআরও, এইআরও, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, ডেপুটি বা যুগ্ম কালেক্টর এবং বিডিও। আর পুলিশের ক্ষেত্রে এডিজি, আইজি, ডিআইজি, এসএসপি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে। নির্দেশিকায় আরও স্পষ্ট করে জানানো হয়েছে, গত বিধানসভা নির্বাচন বা উপনির্বাচনে জেলাশাসক, রিটার্নিং অফিসার, পুলিশ ইনস্পেক্টর পদে কর্মরত আধিকারিকেরা যে জেলায় দায়িত্বে ছিলেন, এ বার তাঁদের সেখানে বদলি করা যাবে না। তবে সব আধিকারিকদের জন্য এই বদলির নির্দেশ নয়। সদর দফতরে যাঁরা কাজ করেন, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। নবান্নের কর্মরতদের ক্ষেত্রেও একই বিষয়।