সোমবার, ২ নভেম্বর ২০২৬ • ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ • রাত ১০:৪১
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
বাংলার রাজনীতি

BJP labour Union : দীর্ঘ ৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের

দীর্ঘ ৪৬ বছর পর বিজেপির শ্রমিক সংগঠনের নতুন পথচলা, পশ্চিমবঙ্গ থেকেই শুরু সংগঠনের যাত্রা

BJP labour Union : দীর্ঘ ৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু হল বিজেপির শ্রমিক সংগঠনের। বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের অনুমোদনে চুক্তিভিত্তিক কর্মচারী সংগঠন চালু করল বিজেপি। কলকাতা বিমানবন্দর ও ওয়েবেলে সংগঠনের দফতরের সূচনা করলেন শমীক ভট্টাচার্য, সুনীল বনসল। এতদিন মূলত আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ বাংলায় থাকলেও বিজেপির নিজস্ব কোনও শ্রমিক সংগঠন এতদিন ছিল না।এদিন পশ্চিমবঙ্গের মাটি থেকে যার পথ চলা শুরু হল। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের উপস্থিতিতে কলকাতা বিমানবন্দর ও ওয়েবেলের দফতরে, বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের অনুমোদনে চুক্তিভিত্তিক কর্মচারী সংগঠন চালু করল বিজেপি। পুরভোটের আগে সংগঠনে জোর বিজেপির। বিধাননগরে ওয়েবেলে চুক্তিভিত্তিক কর্মচারী সঙ্ঘের ইউনিয়নরুম উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য এবং সুনীল বনসল। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিকাকর্মীদের জন্য চালু বিজেপির শ্রমিক সংগঠনের নাম রাখা হয়েছে ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দল। তার ৪৬ বছর পর, তৈরি হল বিজেপির শ্রমিক সংগঠন। আর তার পথচলা শুরু হল এই পশ্চিমবঙ্গ থেকে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল বলেন, আমি বিশ্বাস করি যে, আমাদের যে নতুন ইউনিয়ন তৈরি হল, এই নতুন ইউনিয়ন আপনাদের সবাই যাঁরা ইউনিয়নের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সকলের সমস্যার সমাধানের জন্য একটা উদ্যোগ নেবে। আগামী দিনে ভিন্ন ভিন্ন ক্ষেত্রেও আমাদের ইউনিয়ন চালু হবে।' দীর্ঘ সময় ধরে বিজেপির কোনও শ্রমিক সংগঠন না থাকার কারণও ব্যাখ্যা করেছেন শমীক। বিজেপির রাজ্য সভাপতির কথায়, 'আদর্শগত বা রাজনৈতিক অবস্থানগত ভাবে আমরা বিশ্বাস করি, যদি কোনও রাজনৈতিক দলের নিজস্ব শ্রমিক সংগঠন থাকে— তবে সেই দল যখন সরকারে থাকবে শ্রমিক তার অধিকার, বঞ্চনা, ব্যথা নিয়ে সরকারের বিরুদ্ধে কোনও প্রতিবাদ, আন্দোলন করতে পারবে না।' তবে নতুন এই সংগঠন যে তেমনটা হবে না, তা-ও এ দিন স্পষ্ট করে দেন বিজেপি নেতৃত্ব। শমীক বলেন, 'দেশের জন্য কাজ করব, কাজের জন্য প্রাপ্য অর্থ নেব— এই অবস্থান নিয়েই আজ আমরা সংগঠন তৈরি করছি।'

👁 এই সংবাদটি পড়েছেন ০ জন পাঠক