সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • রাত ১১:১৪
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
রাজনীতি

Rekha Patra Health Update: সংকট কাটার ইঙ্গিত, ভেন্টিলেশন থেকে মুক্ত রেখা পাত্র, এখনও কড়া নজরদারিতে চিকিৎসকরা

রেখা পাত্রের শারীরিক অবস্থায় স্বস্তির ইঙ্গিত! ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করা হল, তবে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন

Rekha Patra Health Update: সংকট কাটার ইঙ্গিত, ভেন্টিলেশন থেকে মুক্ত রেখা পাত্র, এখনও কড়া নজরদারিতে চিকিৎসকরা
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

ভেন্টিলেটর সাপোর্ট থেকে সোমবার সকালে বের করে আনা হল বিজেপি বিধায়ক রেখা পাত্রকে। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন, যদিও শরীরে অক্সিজেনের চাহিদা মেটাতে এখনও বাইরে থেকে তা সরবরাহ করা হচ্ছে।

সকালে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার। আলোচনার পর অর্চনা দাস মজুমদার জানান, বিধায়কের শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল ও উন্নত হয়েছে। তিনি অল্পস্বল্প কথা বলতে পারছেন এবং মুখে সামান্য জলও নিয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে বিজেপি নেত্রী আরও জানান, এর আগে ফুসফুসে লালা জমে অক্সিজেন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল। বুকের সিটি স্ক্যানে বিষয়টি ধরা পড়ার পর প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রয়োগে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সম্ভাব্য বিষক্রিয়ার জেরে হৃৎস্পন্দনের গতি কিছুটা বেশি থাকলেও কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। বাড়তি পটাশিয়ামের মাত্রাও এখন নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে এক জন নেফ্রোলজিস্ট এবং এক জন টক্সিকোলজি বিশেষজ্ঞ তাঁর চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।

এর আগে শনিবার রাতে হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। স্থানীয় চিকিৎসা ও বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে প্রায় চার ঘণ্টা রাখার পর অবস্থার বিশেষ পরিবর্তন না হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। রেফারেল নথিতে পরিজনের সূত্রে 'হার্বাল লার্ভিসাইড' পেটে যাওয়ার কথা উল্লেখ ছিল এবং সে সময় তাঁর নিস্তেজ ও অসাড় অবস্থার কথা জানানো হয়েছিল। আপাতত শারীরিক অবস্থার অগ্রগতি আশাব্যঞ্জক হলেও ঝুঁকি পুরোপুরি কেটেছে কি না, তা বুঝতে আরও অন্তত চার দিন তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা।