বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • রাত ৩:৪০
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
রাজনীতি

Paschimbanga : অস্তিত্ব হারাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ইংরেজি ও বাংলায় এবার রাজ্যের নাম 'পশ্চিমবঙ্গ', ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা শুভেন্দুর

West Bengal Name Change: অস্তিত্ব হারাচ্ছে ‘ওয়েস্ট বেঙ্গল’! বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই রাজ্যের নতুন নাম ‘পশ্চিমবঙ্গ’, বড় ঘোষণা শুভেন্দুর

Paschimbanga : অস্তিত্ব হারাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ইংরেজি ও বাংলায় এবার রাজ্যের নাম 'পশ্চিমবঙ্গ', ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা শুভেন্দুর
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

অস্তিত্ব হারাতে চলেছে ওয়েস্ট বেঙ্গল। বাংলা, হিন্দি অথবা ইংরাজিতে রাজ্যের নাম হিসেবে স্বীকৃতি পেতে চলেছে 'পশ্চিমবঙ্গ'। সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক প্রয়োজনে এ রাজ্যের নাম বদলের ভাবনা বহুদিনের। এর নেপথ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কারণও। আসলে রাজ্যের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় সরকারের বৈঠকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী রাজ্যগুলোকে বলার সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সুযোগ পায় সবার শেষে। ১৯৯৯ সালের ২০ জুলাই অর্থাৎ বাম জমানায় বিধানসভায় প্রস্তাব পেশ করা হয়েছিল, রাজ্যের নাম সব ভাষাতেই 'পশ্চিমবঙ্গ' করা হোক। কিন্তু আলোচনায় তখন ঠিক হয় 'বাংলা' নামটা ভালো। যদিও তা ফলপ্রসূ হয়নি। পরবর্তীকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের নাম বদলের চেষ্টা করেছিলেন। কিন্তু তাও সফল হয়নি। তবে পালাবদলের পরই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, 'এখন থেকে আর কোনও ওয়েস্ট বেঙ্গল, কোনও বাংলা, কোনও পশ্চিমবাংলা নয়। এ বার থেকে শুধু পশ্চিমবঙ্গ নাম হবে।' সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, এবার আর ওয়েস্ট বেঙ্গল নয়, সব ভাষাতেই রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ। আগামী ৪ তারিখ থেকে বিধানসভায় শুরু হবে শীতকালীন অধিবেশন। ৯ ডিসেম্বর পেশ করা হবে নাম বদলের প্রস্তাব।

এদিনের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্তেও সিলমোহর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্য-সহ রাজ্যের নানা দফতরে মোট ১০ হাজার ১৪৭ জন কর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে কিছু চুক্তিভিত্তিক নিয়োগও রয়েছে। সরকারের বৃহত্তর লক্ষ্যের কথা তুলে ধরে তিনি বলেন, 'আমাদের লক্ষ্য রাজ্যে মোট ১ লক্ষ কর্মসংস্থান ও নিয়োগ করা। ইতিমধ্যেই আগামী ডিসেম্বর মাসে ১ হাজার ৩৩১ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।' রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী ও বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় সুখবর দিল রাজ্য সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আবেদনের জন্য আর এক পয়সাও ফি দিতে হবে না। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর আবেদন ফি সম্পূর্ণ মকুবের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ বক্তব্য, 'চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়।' মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের চাকরিপ্রার্থী মহলে। এদিন সাংবাদিক বৈঠকে আবেদন ফি মকুবের কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, 'সাধারণ বা জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের কলেজ সার্ভিস কমিশনে আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফি দিতে হয়। পাশাপাশি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রেও ৫০০ টাকা করে আবেদন ফি লাগে। এবার থেকে বেকার যুবক-যুবতীদের আর নিজেদের পকেট থেকে টাকা খরচ করে চাকরির আবেদন করতে হবে না। সেই সমস্ত খরচ রাজ্য সরকারই বহন করবে।'

মাসের বিল এখন মাসেই আসবে বলে সোমবার দুপুরে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'প্রতি মাসে মিটার রিডিং করবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিলও প্রতি মাসে দেওয়া হবে।' জানুয়ারি থেকে এই নিয়ম শুরু হবে বলে জানান তিনি।

পাশাপাশি এ রাজ্যে ‘গোমাতা’কে হত্যা করতে দেওয়া হবে না। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটাই ঘোষণা করেন। তিনি আরও জানান, আইন থাকার পরেও ‘লুকিয়েচুরিয়ে’ কোথাও কোথাও গোহত্যা চলছে। এ বার এই সংক্রান্ত বিল আনা হবে। পাশাপাশি, রাজ্যে বয়স্ক গরুর লালনপালনের জন্য গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, ‘রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন!’ তিনি জানিয়েছেন, ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন মেনেই কাজ করা হবে। তা হলে কি ‘স্লটারহাউস’গুলির কী হবে হবে? জবাবে শুভেন্দু বলেন, ‘স্লটারহাউস এবং গোমাতার উপর হাত দেওয়া এক নয়। অনুমতি থাকলে স্লটার হাউসে করতে পারেন!' শুভেন্দু জানান, আইন থাকার পরেও রাজ্যের কোথাও কোথাও লুকিয়ে গোহত্যা চলছে। তাঁর ঘোষণা, এ সব চলবে না। এই নিয়ে কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণের কথাও মনে করান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এ সব করতে দেব না। লুকিয়ে করছে! ডিটেলস পাঠাবেন। বন্ধ করে দেব।’