সুমন তরফদার। কলকাতা সারাদিন।

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের সংগঠনে রদবদল অব্যাহত। ভোটের আগেই উত্তর চব্বিশ পরগনার জেলা সংগঠন ঢেলে সাজানোর জন্য আজ আনুষ্ঠানিকভাবে দলের জেলা সভানেত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলো বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। ‌ অন্যদিকে সুজিত বসু এবং কাকলির সঙ্গে দীর্ঘদিন ধরে গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও উত্তর ২৪ পরগনায় তৃণমূলের জেলা চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেলেন বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরে আসা সব্যসাচী দত্ত।
অন্যদিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ফুরফুরা শরীফের পীরজাদা কাশেমকে তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হল ভোটের আগেই। একইসঙ্গে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা শঙ্কর মালাকারকে দলের রাজ্য সংগঠনের সহসভাপতি ঘোষণা করা হল। কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূলে আসা শঙ্কর মালাকারকে শাসকদল তাদের রাজ্য সংগঠনের সহ সভাপতি করেছে।
ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকী এখন ভাঙড়ের বিধায়ক। একুশের বিধানসভা নির্বাচনের আগে তাঁর দাদা আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট তৈরি করেন। বাম ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে আইএসএফ-র টিকিটে একুশের নির্বাচনে ভাঙড়ে লড়েছিলেন নওশাদ। এরপর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে ফুরফুরা শরিফের দূরত্ব বাড়ে। গত মার্চে ফুরফুরা শরিফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইফতারে যোগ দিয়েছিলেন। সেখানে ছিলেন না ফুরফুরার দুই পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী। অনেক পীরজাদাকেই সেদিন দেখা যায়নি। তবে মমতার পাশে দেখা গিয়েছিল কাশেমকে। পরদিন কলকাতার পার্ক সার্কাসে ইফতারে মমতার পাশে ফের তাঁকে দেখা যায়।

গত ১৬ মে তৃণমূলে সাংগঠনিক রদবদল হয়েছিল। সেই সময় জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় বাদ ছিল বারাসত এবং দার্জিলিং সমতল সাংগঠনিক জেলার সভাপতিদের নাম। আজ, সোমবার তৃণমূলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বারাসত সাংগাঠনিক জেলার চেয়ার পার্সন হলেন সব্যসাচী দত্ত। এর আগে এই পদে ছিলেন হাবড়ার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস। জেলা সভাপতি রইলেন সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার-ই।
মুখ্যমন্ত্রীর উন্নয়নের উপর ভরসা রেখে গত সপ্তাহেই দল বদলেছিলেন উত্তরের দাপুটে কংগ্রেসি নেতা শংকর মালাকার। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, দার্জিলিঙ তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পাবেন তিনি। কিন্তু আশা পূর্ণ হল না! বরং রাজ্য সংগঠনে সহ সভাপতির দায়িত্ব পেলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *