রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ • ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • সকাল ৮:৩৫
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
রাজনীতি

Suvendu Adhikari : 'যাঁরা মহিলাদের বিরোধী, তাঁরাই মহিলা বিলের বিরুদ্ধে ভোট দেবে' সংসদে বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

শুভেন্দু অধিকারী : ‘মহিলাদের বিরোধীরাই মহিলা বিলের বিরুদ্ধে ভোট দেবেন’, সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের তীব্র আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari : 'যাঁরা মহিলাদের বিরোধী, তাঁরাই মহিলা বিলের বিরুদ্ধে ভোট দেবে' সংসদে বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

'যাঁরা মহিলাদের বিরোধী, তাঁরাই মহিলা বিলের বিরুদ্ধে ভোট দেবে। মহিলা সংরক্ষণ বিল আসতে চলেছে লোকসভাতে, যাতে পশ্চিমবঙ্গ থেকে অধিকাংশ ভোট বিলের পক্ষে পড়ে, সেই জন্য নিশ্চয় মুখ্যমন্ত্রী হিসেবে আমি চেষ্টা করব।' সংসদে মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস বিল পেশ করার আগে তৈরি হওয়ার রাজনৈতিক পরিস্থিতিতে শনিবার এভাবেই তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিল পাশে সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে শুভেন্দু বলেন, 'যাঁরা সংসদের দুই কক্ষে ভোট দেবেন, সেটা আমার দলের হতে পারে, এনডিএ-এর শরিক হতে পারে, বিজেপির বাইরে হতে পারে, তাঁদের সঙ্গে যা করার, যা কথা বলার সব বলব, বসব, খাব, অনুরোধ করব, এতে কোনও বিধিনিষেধ নেই। আমি মুখ্যমন্ত্রী হিসেবে চাইব ৫০ শতাংশ মহিলা জনসংখ্যা। আমি চাইব আমার বিধানসভাতে আরও ১০০ জন মহিলা বিধায়ক হয়ে আসুক। এটা আমি চাইব। এটার মধ্যে কোনও রাজনৈতিক কারণ নেই। পঞ্চায়েত, পুরসভায় মেনে নিয়েছে, তাহলে সংসদে ও বিধানসভায় কেন বিরোধিতা করা হচ্ছে। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়। এই বিল নারী শক্তি বন্দন বিল। দলের ঊর্ধ্বে গিয়ে সমর্থন জানানো উচিত।' তাঁর দাবি, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হবে বিল।

কংগ্রেসকেও নারীবিরোধী বলে আক্রমণ করে শুভেন্দু বলেন, '১৯৯৬ সাল থেকে কংগ্রেস এই বিল বারবার আটকানোর চেষ্টা করেছে। ওই সাল থেকে মেনিফেস্টোতে দিত। পার্লামেন্টে আনত। আর সমাজবাদী পার্টি, লালু প্রসাদের পার্টিকে বিরোধ করতে লাগিয়ে দিত। বিল বন্ধ করার চেষ্টা করত।'

শুভেন্দুর সঙ্গে একান্ত সাক্ষাৎ শতাব্দীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে দেখা করলেন ন্যাশনালিস্ট সিটিজেন্‌স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-য় নাম লেখানো তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আসন পুনর্বিন্যাস বিল পাসের জন্য সংসদের অধিবেশন শুরু হবে ৩০ নভেম্বর। স্বাভাবিক ভাবেই কেন্দ্রের শাসক এনডিএ জোটের শরিকদের পূর্ণ সমর্থন চাইছে বিজেপি। সেই প্রসঙ্গে বীরভূমের সাংসদ শতাব্দী জানালেন, তিনি নারী ক্ষমতায়নের পক্ষে।

পরে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, নারী সংরক্ষণ বিল নিয়ে সাংসদের সঙ্গে তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, বিলের পক্ষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শতাব্দী। বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'উনি আমার কাছে সাক্ষাতের জন্য অনুরোধ করেছিলেন। আমি ব্যবস্থা করে দিলাম, এবং উনি এলেন। আমি ওঁকে জিজ্ঞেস করলাম, উনি কাকে ভোট দেবেন। উনি বললেন, আমরা নারী সংরক্ষণ বিল সমর্থন করি।' মুখ্যমন্ত্রীর আরও দাবি, নিজের লোকসভা কেন্দ্রের একটি বিষয় নিয়েও তাঁর সঙ্গে আলোচনা করেছেন শতাব্দী রায়।

'দেবদেবীর অপমান বরদাস্ত নয়'

মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষা চলাকালীন পড়ুয়ার আঁকা মা সরস্বতীর ছবি ছিঁড়ে সাসপেন্ড হয়েছেন এক শিক্ষক। জানা গিয়েছে, বার্ষিক পরীক্ষায় এক পড়ুয়ার সরস্বতীর ছবি আঁকা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। বৃহস্পতিবার বার্ষিক পরীক্ষা চলাকালীন মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণির এক ছাত্র দেবী সরস্বতীর ছবি আঁকে। অভিযোগ, পরীক্ষার হলে নজরদারির দায়িত্বে থাকা শিক্ষক আফতাবউদ্দিন ওই পড়ুয়াকে বলেন, ‘এমন ছবি আঁকা যাবে না।’ তারপর ছবিটি ছিঁড়ে ফেলেন। এই ঘটনায় শুক্রবার ওই ছাত্রের বাবা চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। স্কুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌঁছান পুলিশের পদস্থ আধিকারিকরা, সঙ্গে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী।

এই ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, ‘মা সরস্বতী শিক্ষার দেবী হিসেবে পূজিত হন সব শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে যদি কেউ কমিউনাল অ্যাঙ্গেল করার চেষ্টা করেন, মা সরস্বতীকে অপমান করার চেষ্টা করেন, আমরা ছাড়ব না।’