সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বছর ঘুরলেই বাংলায় ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই ভোটযুদ্ধের আগে তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন রূপে রাজনৈতিক ময়দানে নেমেছেন। ভোটের কৌশল চূড়ান্ত করতে ২৩ মার্চ বৈঠকে বসতে চলেছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম। তার আগেই দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘অধিনায়ক’ হিসাবে তুলে ধরা পোস্টার ও পতাকায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা।

জানা গিয়েছে, গাঙ্গুলিবাগান এলাকায় ছাব্বিশের নির্বাচনের জন্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া পরিকল্পনার বৈঠক হবে। এই প্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানান, ”তৃণমূলের বিভিন্ন সমর্থক গ্রুপের মধ্যে অন্যতম ‘ফ্যাম’। অধিনায়ক অভিষেক সেই সংগঠনেরই একটি শাখা। তাই এই পোস্টার ও পতাকা।”

কিছুদিন ধরেই তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব- মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা ছড়িয়েছিল। তবে সেই জল্পনায় ইতি টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, দলে অভিষেকের ভূমিকা অপরিহার্য।
গতকাল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার স্পষ্ট বুঝিয়ে দিলেন, দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ আসলে কে! জানিয়ে দিলেন শনিবার থেকে পরবর্তী সাতদিন তিনি নিজে লন্ডন সফরে থাকাকালীন দলের রাশ ‘যৌথভাবে থাকবে’ তৃনমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপর। এমনকী, এর আগে সুব্রত বক্সিকেও ‘আমাদের নেতা’ বলে অভিষেককে সম্বোধন করতে দেখা গিয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সম্প্রতি অভিষেককে ‘আমাদের’ সম্বোধন করে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, দলে তিনি দ্বিতীয় ব্যক্তি।

এবার সেই ‘নেতার’ নামেই পোস্টারে ছেয়ে গেল দক্ষিণ কলকাতা! সোশ্যাল মিডিয়ায় যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ‘তৃণমূল কংগ্রেসের সমর্থকদের পক্ষ থেকে’ দক্ষিণ কলকাতাজুড়ে এক বিশেষ ধরনের পোস্টার, ব্যানার ও পতাকা ছেয়ে ফেলা হয়েছে। উজ্জ্বল হলুদ রঙের সেই পতাকায় গোটা গোটা কালো হরফে লেখা রয়েছে দু’টি শব্দ ‘অধিনায়ক অভিষেক’! তার নীচে ইংরেজি হরফে লেখা – হ্যাশট্যাগফ্যামফরটিএমসি।

তৃনমূল সূত্রে জানা গিয়েছে, এবারও তৃণমূলের ভোটের প্রচার থেকে শুরু করে সামগ্রিকভাবে নির্বাচনী রণকৌশল স্থির করতে বড় ভূমিকা পালন করবে দলের সোশাল মিডিয়া সেল। আর, সেই কৌশলে নেতৃত্ব দেবে ভোটকুশলী সংস্থা আইপ্যাক। সূত্রের দাবি, ভোটের সেই ভার্চুয়াল রণকৌশল স্থির করতে আগামী ২৩ মার্চ বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেসের সংশ্লিষ্ট নেতা ও কর্মীরা। এই প্রেক্ষাপটে নবীন-প্রবীণ দ্বন্দ্ব ঘুচিয়ে মমতা ও অভিষেকের সমন্বয়ে সর্বশক্তিতে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপাতে তৃণমূল কংগ্রেস যে কোনও খামতি রাখতে চায় না, তা আগামী ২৩ তারিখের বৈঠক এবং ‘অধিনায়ক অভিষেক’ প্রচারেই স্পষ্ট বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *