সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

ধর্মতলার ধর্না প্রত্যাহারের পরই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে, আলিপুরের সরকারি অতিথি ভবনে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল।

 

এদিন বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ভোটের আগে প্রাক্তন রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে অবিচার হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি কালকে চলে যাচ্ছেন, দীর্ঘদিন ওনার সঙ্গে কাজ করেছি। বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার সুস্বাস্থ্য কামনা করছি। তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, নির্বাচনের আগে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি এটা উদ্দেশ্যেপ্রণোদিত। আমি আমার মনের কথা তাকে বলে এসেছি।

 

আমি ওনাকে বলে এসেছি, আপনি বাংলাকে এত ভালোভাবে বোঝেন, আপনি বাংলায় ফিরে আসুন।’

 

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘ওনার বাগডোগরা যাওয়ার কথা ছিল। আমরা ওনার যাওয়ার ব্যবস্থা করে রেখেছিলাম। তার আগেই বদলের চিঠি আছে। ওনাকে মেসেজ দেওয়া হয় বাগডোগরা না দিয়ে দিল্লি যেতে।’

মুখ্যমন্ত্রীর কথায়, ‘উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। আমি তখন বললাম, ডিপ্লম্যাটদের থাকার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে। আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ এখানে থাকুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *