শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ • ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ • দুপুর ৩:২৫
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
লাইফস্টাইল

FITFIESTA 2K26 : স্বাস্থ্য সচেতনতায় গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ‘ফিটফিয়েস্তা ২০২৬’, স্তন ক্যানসার শনাক্তকরণ ও সুস্থ জীবনযাপনে বিশেষ জোর

সুস্থ থাকার বার্তা নিয়ে পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (জিএনআইটি) শুরু হয়েছে দু’দিনের স্বাস্থ্য উৎসব ‘ফিটফিয়েস্তা ২০২৬’।

FITFIESTA 2K26 : স্বাস্থ্য সচেতনতায় গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ‘ফিটফিয়েস্তা ২০২৬’, স্তন ক্যানসার শনাক্তকরণ ও সুস্থ জীবনযাপনে বিশেষ জোর
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

সুস্থ থাকার বার্তা নিয়ে পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (জিএনআইটি) শুরু হয়েছে দু’দিনের স্বাস্থ্য উৎসব ‘ফিটফিয়েস্তা ২০২৬’। জেআইএস গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই উৎসবে সহযোগিতা করছে রুবি জেনারেল হাসপাতাল ও এএসজি আই হাসপাতাল। ৩০ অক্টোবর, শুক্রবার পর্যন্ত চলবে এই উৎসব। ২০২৪ সালে শুরু হওয়া এই উৎসবের এ বার তৃতীয় সংস্করণ। ‘আজকের সচেতনতা, আগামীর সুস্বাস্থ্য’ এই ভাবনাকে সামনে রেখে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবির এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার প্রয়োজনীয়তার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফিটফিয়েস্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর রামকৃষ্ণ মিশনের তরফে স্বামী সুমনাসানন্দজি মহারাজ, জেআইএস গোষ্ঠীর ডিরেক্টর সরদার সিমরপ্রীত সিং, রুবি জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তন্ময় মাজি ও ক্যানসার বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, জিএনআইটির অধ্যক্ষ অধ্যাপক স্বরূপ কুমার মিত্র এবং রুবি জেনারেল হাসপাতালের অপারেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার বিশ্বজিৎ সাহা-সহ বিশিষ্ট ব্যক্তিরা। স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচির পাশাপাশি পড়ুয়াদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশেও গুরুত্ব দেওয়া হয়েছে। মডেল প্রদর্শনী, পোস্টার তৈরি, আলোকচিত্র ও দাবা প্রতিযোগিতার সঙ্গে রয়েছে ট্রেজার হান্ট। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। জেআইএস গোষ্ঠীর ডিরেক্টর সরদার সিমরপ্রীত সিং বলেন, সুস্থ সমাজ গড়তে স্বাস্থ্য সচেতনতা এবং রোগ প্রতিরোধ সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। আয়োজকদের মতে, পড়ুয়া ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চার গুরুত্ব আরও বৃহত্তর সমাজে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই উৎসব কার্যকর ভূমিকা নেবে।

👁 এই সংবাদটি পড়েছেন ০ জন পাঠক