'এসপি ইসলামপুর, ডিআইজি, আইজিকে বলে গেলাম। চোপড়ার মাফিয়া, গুন্ডা বিধায়কের বিরুদ্ধে সব পুরনো মামলা খুলবেন। তাঁর দখল করা জমি উদ্ধার করবেন। পরের মিটিং চোপড়া ইসলামপুরে করব। কত বড় মস্তান আছে দেখব, বালি চোর আছে দেখব। ২০২১ সালের নির্বাচনের পরে ও পঞ্চায়েত ভোটে যাঁরা অত্যাচার করেছে তাঁদের বিরুদ্ধে নতুন করে এফআইআর করবেন। চোর ইন্দ্রনীলের মতো জেলে ঢোকাব। দেখতে চাই কত বড় মস্তান এই জেলায় আছে।' বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দাঁড়িয়ে এভাবেই পুলিশ প্রশাসনকে পুরনো মামলার ফাইল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রায়গঞ্জের জনসভা থেকে শুভেন্দু জানান, ৩৪ বছরের বাম শাসনকাল ও ১৫ বছরের তৃণমূল শাসনকালে সনাতনী ও আদিবাসীদের জমি দখল করা হয়েছে। সেই সব জমি উদ্ধার করা হবে। সরকারি জায়গায় অবৈধ নির্মাণ করে থাকলে ভেঙে পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব নেন মুখ্যমন্ত্রী। এছাড়াও চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়ায় দখল হওয়া চা বাগানের জমিও উদ্ধার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ২ দিন আগেই ঋতব্রত শিবির ছেড়ে মমতা শিবিরে ফেরার কথা বলেছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। বৃহস্পতিবার রায়গঞ্জের সভা থেকে সেই হামিদুলের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে থাকা সব পুরনো মামলার ফাইল পুনরায় খোলার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাম ও তৃণমূল আমলে আদিবাসী ও সনাতনীদের জমি দখল হয়েছে। রায়গঞ্জে এইমস, জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে এগিয়ে উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রায়গঞ্জের দিকনগরে রাজ্যের দ্বিতীয় এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানোর কথা জানালেন তিনি। পাশাপাশি জলপাইগুড়িতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকের পর কর্ণজোড়া এলাকার তিস্তা ময়দানে জনপরিষেবা প্রদান কর্মসূচি থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতে উত্তরবঙ্গে এইমস তৈরির কথা ছিল। সরকার গঠনের পর রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক সেরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগের কথা জানালেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির প্রস্তাব পাঠাবে।' কেন্দ্রের অনুমোদন মিললে দিকনগরে এইমসের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দেবেন।এদিন জলপাইগুড়ির জন্যও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'জলপাইগুড়িকে নিরাশ করব না। ওখানে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরি হবে। ঢেলে সাজাব।' উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। এদিনের প্রশাসনিক বৈঠকে উত্তর দিনাজপুরের উন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বৈঠকে ৩০টি কর্মসূচি নেওয়া হয়েছে এবং ৮৩টি কর্মসূচির শিলান্যাস করা হয়েছে। জেলার হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন, স্মার্ট স্কুল তৈরি এবং স্বাস্থ্য পরিষেবার আধুনিকীকরণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আয়রন ম্যান রায়গঞ্জে এসে আরও একবার হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আয়রন ম্যান, অমিত শাহজি এখন আমার ওপরেই দায়িত্ব দিয়ে দিয়েছেন, সিএএ সার্টিফিকেট দেওয়ার জন্য।' রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে জানান, বিএসএফ-কে ইতিমধ্যেই ৭.৯৫৬ একর জমির মধ্যে ৭.৯১৬১ একর জমি হস্তান্তর করে দেওয়া হয়েছে। সেকথা বলতে গিয়েই তিনি বলেন, 'শরণার্থীদের সিএএ দেব। জেলাশাসককে বলে গেলাম, ৯ হাজার আবেদন রয়েছে, যারা কেবলমাত্র হিন্দু হওয়ার কারণে বাংলাদেশ থেকে জামাতিরা তাড়িয়ে দিয়েছে, তাঁদেরকে সিএএ তে নাগরিকত্ব দেব।' এর আগেই অবশ্য সিএএ সার্টিফিকেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে ফারাক। তিনি জানান, যাঁরা জীবন এবং ধর্ম বাঁচাতে এ দেশে আশ্রয় নিয়েছেন, তাঁরা কোনও ভাবে অনুপ্রবেশকারী নন। শুভেন্দুর কথায়, 'বাংলাদেশ থেকে যাঁরা প্রাণ আর ধর্ম বাঁচাতে এসেছেন, তাঁরা কিন্তু অনুপ্রবেশকারী নন। তাঁরা শরণার্থী।' আর হিন্দু শরণার্থীদের সিছে সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও ডেডলাইন বেঁধে দেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, ৩০ নভেম্বরের মধ্যে শুনানি শেষ করতে হবে। তিনি স্পষ্ট করে দেন, '৯ হাজার আবেদনের মধ্যে যাঁরা তফশিলি জাতি, এসসি সার্টিফিকেট পাবেন। জানুয়ারি মাসের ভোটার লিস্টেও তাঁদের নাম উঠবে।' মুখ্যমন্ত্রী এদিন আরও একবার আহ্বান জানান, 'এখনও যে সমস্ত সিএএ-র আওতায় থাকা শরণার্থী আবেদন করেননি, তা করুন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আয়রন ম্যান, অমিত শাহজি এখন আমার ওপরেই দায়িত্ব দিয়ে দিয়েছেন, সিএএ সার্টিফিকেট দেওয়ার জন্য। হিন্দু, শিখ, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন-তাঁরাই পাবেন নাগরিকত্ব।'
Suvendu Adhikari : '২০২১ সালের নির্বাচনের পরে ও পঞ্চায়েত ভোটে যাঁরা অত্যাচার করেছে তাঁদের বিরুদ্ধে নতুন করে এফআইআর করুন' রায়গঞ্জে দাঁড়িয়ে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
২০২১-এর বিধানসভা ও পঞ্চায়েত ভোটে অত্যাচারের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে এফআইআর করার নির্দেশ শুভেন্দু অধিকারীর
👁 এই সংবাদটি পড়েছেন ০ জন পাঠক