শোভন গায়েন। কলকাতা সারাদিন।
‘ফর্ম তো সবাই ভরবেন, কিন্তু চাকরি দেবে বিজেপি।’ এভাবেই শনিবার অর্থাৎ বাংলায় যুব সাথী প্রকল্পে ১৫০০ টাকা করে বেকার ভাতা নেওয়ার জন্য ফর্ম ফিলাপ শুরু হওয়ার ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে যুবসাথীর ক্যাম্প শুরুর আগের দিনও তোপ দাগলেন শুভেন্দু। শনিবার সাংবাদিক সম্মেলনে একটি ‘পোস্টকার্ড’ তুলে ধরলেন বিরোধী দলনেতা। তাঁর পরামর্শ, যুবসাথীর ফর্ম জমার সময় যেন সেই পোস্টকার্ডও জমা করেন যুবক-যুবতীরা। পোস্টকার্ডে লেখা, ‘চাকরি চায় বাংলা।’ এর পাশাপাশি, এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়েই ক্যাম্পের আয়োজনের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেন।
শুভেন্দু অধিকারী আজ দাবি করেন, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সংকট চরমে। তাঁর অভিযোগ, ‘মা-মাটি-মানুষ’ সরকারের আমলে প্রায় এক কোটির কাছাকাছি বেকার তৈরি হয়েছে। ২০১৩ সাল থেকে একের পর এক প্রকল্পের নামে যুব সমাজকে বিভ্রান্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। শুভেন্দু মনে করিয়ে দেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘যুবশ্রী’ প্রকল্পের সূচনার সময় বেকারদের স্বপ্ন দেখানো হয়েছিল। ১৭ লক্ষ যুবক-যুবতী আবেদন করেছিলেন, কিন্তু অধিকাংশই কোনও সুফল পাননি বলে তাঁর অভিযোগ।
বিরোধী দলনেতা অভিযোগ করেন, ‘২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক লাভের উদ্দেশ্যে এই প্রকল্পটি ব্যবহার করা হয়েছিল। ২০১৭-১৮ সালের পর এই প্রকল্প কার্যত বন্ধ হয়ে যায় এবং ওই ১৭ লক্ষ আবেদনকারীর অবস্থান সম্পর্কে কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।’ বিজেপি খুব শীঘ্রই ওই আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে সত্য উদঘাটন করবে বলে তিনি জানান। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 2013 সালের 17 লক্ষ আবেদনকারীর বর্তমান অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন।
এবারের ‘যুব সাথী’ প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যের ২৯৪টি প্রশাসনিক কেন্দ্রে টেবিল-চেয়ার পেতে অফলাইনে ফর্ম বিলির সিদ্ধান্তের সমালোচনা করে তাঁর প্রশ্ন, ডিজিটাল যুগে কেন লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হবে? ‘দুয়ারে সরকার’ বা ‘আমার পাড়া, আমার সমাধান’-এর মতো কর্মসূচিকে তিনি রাজনৈতিক নাটক বলেই কটাক্ষ করেছেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে রাস্তায় নামতে হবে; এই প্রশ্নও তোলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, এর আগেও রাজ্য সরকার একইভাবে নির্বাচনের আগে বিভিন্ন ক্যাম্প করেছে। তিনি বলেন, ২০২১ এ ‘দুয়ারে সরকার’ কর্মসূচি হয়েছিল। পরে সেটি ‘আমার পাড়া আমার সমাধান’ হয়ে যায়। এখন আবার আইপ্যাকের প্রতীক জৈনের পরামর্শে যুবসাথীর ফর্ম ফিলআপ ক্যাম্প শুরু হচ্ছে।