শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্ব দিকে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী। ইরানের পারমাণবিক লক্ষ্যবস্তুতে আইডিএফ (Israel Defence Force) হামলা চালানোর পরপরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেছেন, কিছুক্ষণ আগে, ইজরায়েল অপারেশন রাইজিং লায়ন (Operation Rising Lion) শুরু করেছে, যা ইজরায়েলের অস্তিত্বের জন্য ইরানি হুমকিকে প্রতিহত করার জন্য একটি লক্ষ্যবস্তু ভিত্তিক সামরিক অভিযান।
এই হুমকি দূর করতে যত দিন সময় লাগবে তত দিন এই অভিযান চলবে…”
ইরানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র। তিনি আরও বলেন- কয়েক দশক ধরে, তেহরানের নেতারা প্রকাশ্যে ইজরায়েল ধ্বংসের ডাক দিয়ে আসছেন। তারা তাদের গণহত্যার বক্তব্যকে পারমাণবিক অস্ত্র কর্মসূচির মাধ্যমে সমর্থন করে আসছে। সাম্প্রতিক বছরগুলিতে, ইরান নয়টি পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে । আরও উদ্বেগের বিষয় হল, ইরান সম্প্রতি এই ইউরেনিয়ামকে অস্ত্রে রূপান্তরিত করার জন্য অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে।
যদি এই প্রক্রিয়া এখনি থামানো না হয়, তাহলে ইরান খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে – যেটি এক বছর এমনকি মাত্র কয়েক মাসের মধ্যেও হতে পারে। যা ইজরায়েলের টিকে থাকার জন্য একটি স্পষ্ট এবং বর্তমান বিপদ। আশি বছর আগে, ইহুদি জনগণ নাৎসি শাসনের দ্বারা সংঘটিত হলোকস্টের শিকার হয়েছিল। আজ, ইহুদি রাষ্ট্র পারমাণবিক হলোকস্টের শিকার হতে রাজি নয়, বিশেষ করে ইরানি শাসনের দ্বারা শুরু করা হলোকস্টের। প্রধানমন্ত্রী হিসেবে, আমি ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলেছি: যারা আমাদের ধ্বংসের ডাক দেয় ইজরায়েল কখনই তাদের হুমকি বাস্তবায়নের উপায় তৈরি করতে দেবে না। আজ রাতে, ইজরায়েল সেই কথাগুলিকে কাজে রুপান্তরিত করেছে।
ইজরায়েল এই অপারেশনের নাম দিয়েছে রাইজিং লায়ন
সেই দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পরমাণু হামলার সম্ভাবনা যতক্ষণ না প্রতিহত করা হচ্ছে, ততদিন এই অভিযান চলতে থাকবে। যতদিন প্রয়োজন, ততদিন এই অভিযান চলবে। জানা গেছে, ইরানের এক ডজন পরমাণু এবং মিসাইল কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে ইজরায়েল। এমনকি, তেহরানের উত্তর-পূর্ব অংশে বিস্ফোরণ এবং কালো ধোঁয়াও বেরোতে দেখা গেছে।
সেইসঙ্গে, নাতানজ সাইট, যেখানে ইউরেনিয়ামের ভাণ্ডার রয়েছে, সেখানেও হামলা চালিয়েছে ইজরায়েল। এদিকে ইজরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র দাবি করেছেন, ইরান পরমাণু বোমা বানাচ্ছিল নিজেদের দেশে। তা থেকে ইজরায়েলকে রক্ষা করতেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি তাদের।
কিন্তু একটি বিষয় কার্যত পরিষ্কার যে, ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পসের প্রধান, মেজর জেনারেল হোসেন সালামি। ইজরায়েলি এয়ারস্ট্রাইকে নিহত হলেন ইরানের রেভেলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে। ইরানের অন্যতম এই শক্তিধর মাথাকেই এবার সরাসরি খতম করল ইজরায়েল।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন পারমাণবিক যুদ্ধের অশনি সংকেত দিচ্ছে। শুক্রবার সকালে ইজরায়েল ইরানের ওপর বিমান হামলা চালায়। এর জবাবে তেহরান ১০০টিরও বেশি ড্রোন পাঠিয়েছে, যা বর্তমানে ইরাক ও জর্ডানের ওপর দিয়ে ইজরায়েলি সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছে, যা এই প্রশ্ন তৈরি করেছে যে ইরান কি সরাসরি ইজরায়েলের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করতে পারে?
ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে যে যদি তাদের ওপর হামলা হয়, তাহলে তারা ইজরায়েলের পারমাণবিক কেন্দ্রগুলিতে আঘাত হানবে। ইরান দাবি করেছে যে তারা এই সমস্ত স্থাপনার বিস্তারিত গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। ইরানের নিশানায় থাকা এই ৭টি পারমাণবিক স্থাপনার মধ্যে রয়েছে ইলাবুন, কাফার জেখারিয়া, নহাল সোরেক, ইয়োদফাত, তিরোশ এবং রাফায়েল। এই কেন্দ্রগুলি ইজরায়েলের পারমাণবিক কর্মসূচির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ, যেমন প্লুটোনিয়াম উৎপাদন, অস্ত্র সংরক্ষণ, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, গবেষণা ও উন্নয়ন, এবং পারমাণবিক অস্ত্র একত্রিতকরণ।