রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
কলকাতায় ফের মেসি কান্ডের পুনরাবৃত্তি। গত ১৩ ডিসেম্বর যেভাবে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকার টিকিট কেটে যুবভারতীতে যাওয়ার পরেও তাকে দেখতে না পেয়ে পুলিশের লাঠি খেয়ে পালাতে হয়েছিল দর্শকদের, বর্ষবরণের রাতে বহু মানুষ ঠিক একই অভিজ্ঞতার শিকার হলেন সেই বিধান নগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এলাকাতেই।
গত কয়েক মাস ধরেই যাবতীয় সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে প্রচার করা হয়েছিল কলকাতার বুকে এবারে ৩১ ডিসেম্বর 2025 রাতের সবথেকে বড় সেলিব্রেশন পার্টি হবে নিকো পার্কের সংলগ্ন ওয়েস্ট সাইড ব্যাংকোয়েটে। রীতিমতো রাশিয়ান নৃত্যশিল্পী আনার পাশাপাশি দেশ-বিদেশের খ্যাতনামা মিউজিক ব্যান্ড এবং সংগীত শিল্পীদের আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পোস্টার ছাপিয়ে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গত কয়েক মাস ধরে প্রচার চালানোর পাশাপাশি এই পার্টির উদ্যোক্তা ছিল, Neon Spark Events and Entertainment নামে একটি সংস্থা।


তবে এর পাশাপাশি ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কোন ক্যাটেগরির টিকিটে কত পরিমাণ দামি মদ পরিবেশন করা হবে এবং সমস্ত ধরনের খাবার অফুরন্ত যোগান দেওয়া হবে ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে ওয়েস্ট সাইড ব্যাংকোয়েটে যাওয়া পার্টি প্রেমীদের। ১৩৯৯ টাকা থেকে শুরু করে যেখানে টিকিটের দাম ধার্য করা হয়েছিল এক লক্ষ টাকা পর্যন্ত।
শুধুমাত্র সন্ধ্যে সাতটা থেকে রাত একটা পর্যন্ত কলকাতার বুকে বর্ষবরণের পার্টিতে সামিল হওয়ার জন্য চার্জ ১ লক্ষ টাকা! জাস্ট অকল্পনীয় মনে হলেও এটাই সত্যি।

কিন্তু পার্টি শুরু হওয়ার পরে রাত ন’টা থেকে যখন খাদ্য এবং পানীয় ঢালাও পরিবেশন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল টিকিট কাটার আগে থেকেই ৯ টা বাজার কয়েক মিনিট পরেই ঘটল ছন্দপতন। প্রথমেই দেখা গেল যে সমস্ত আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পী এবং ব্যান্ড পারফর্ম করার কথা ছিল তাদের অধিকাংশই এসে পৌঁছায়নি মঞ্চে।

আর অন্যদিকে পরিবার-পরিজন অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের নিয়ে যখন বর্ষবরণের উৎসবে শামিল হতে সহস্রাধিক মানুষ পৌঁছে গিয়েছেন নিকো পার্কের সংলগ্ন ওয়েস্ট সাইড ব্যাংকোয়েটে, দেখা গেল খাবার এবং পানীয়ের যোগান প্রায় নেই।
মূল উদ্যোক্তা হিসেবে বীরেশ এবং সুমিত রয়েছেন বলে সিকিউরিটি থেকে শুরু করে প্রবেশ পথের কাছে ক্যাম্প করে বসে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীরা দাবি করলেও কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তারা গায়েব হয়ে গিয়েছে।

এই পরিস্থিতিতে প্রায় এক ঘন্টা ধরে উদ্যোক্তাদের সঙ্গে বচসার পরে ক্ষেপে ওঠে হাজার হাজার টাকা দিয়ে বর্ষবরণের পার্টিতে শামিল হতে আসা মানুষ। রীতিমত ভাঙচুর শুরু হয় বার এবং ফুড কাউন্টার। ছুটে আসে বিধান নগর দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। কেউ 5000 কেউ 15000 আবার কেউ বা এক লক্ষ টাকা দিয়ে টিকিট কেটে বর্ষবরণের পার্টিতে মজা করতে এসেও উদ্যোক্তাদের চরম ব্যর্থতা এবং লোক ঠকানোর মানসিকতার জন্য পুলিশের লাঠি খেয়ে অথবা হাজতে রাত কাটিয়ে বাড়ি ফিরতে হয় সাধারণ মানুষকে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যুবভারতীর ঘটনায় যদি রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার ঘটনাস্থলেই প্রতিশ্রুতি দিতে পারেন যে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটা দর্শকদের টাকা ফেরত দেওয়া হবে, তাহলে বর্ষবরণের পার্টিতেও বিপুল অংকের টাকা দিয়ে টিকিট কেটে প্রতারণার শিকার মানুষগুলো কেন টাকা ফেরত পাবেন না?
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে নিক্বো পার্কের ওয়েস্টসাইড ব্যাংকোয়েটে (Westside pavilion Banquet) পার্টির উদ্যোক্তাদের বিরুদ্ধে জনস্বার্থের মামলা দায়ের করার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।