সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে নির্যাতন অথবা গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা গত কয়েক মাসে দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে দেখেছে মানুষ বারে বারে। এই ঘটনার প্রতিবাদে বারে বারে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে তার পরেও একই ধরনের ঘটনা ঘটে চলেছে কখনো উত্তর প্রদেশ কখনো মধ্যপ্রদেশ কখনো রাজস্থান আবার কখনো বা বিজেপি শাসিত মহারাষ্ট্র ও উড়িষ্যায়।
আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাই শুধুমাত্র বাংলা নয় দেশের সমস্ত ভাষার সম্মান রক্ষার জন্য লড়াইয়ের হুঙ্কার ছাড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় মমতা লিখলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পুণ্যদিনে সম্মান জানাই বিশ্বের সকল ভাষা ও ভাষাভাষী মানুষকে। বিশ্বের সকল দেশের সকল ভাষা-শহিদদের ও ভাষা-সংগ্রামীদের জানাই আমার প্রণাম ও অন্তরের শ্রদ্ধা।
রবীন্দ্রনাথ – নজরুল – সুকান্ত – জীবনানন্দের বাংলা শুধু নয়, আমরা সব ভাষাকেই সম্মান করি। এটা আমার গর্ব যে, আমাদের সময়ে হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি, তেলুগু ভাষাকে আমরা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি। হিন্দি আকাদেমি, রাজবংশী ভাষা আকাদেমি, কামতাপুরী ভাষা আকাদেমি, সাঁওতালি আকাদেমি – সব করা হয়েছে। এটাও সুনিশ্চিত করেছি যে, রাজ্যের প্রত্যেক ভাষা-ভাষী মানুষ তাদের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পায়।

একুশের এই পুণ্য দিনে আরও একবার অঙ্গীকার করছি — যে-কোনো ভাষার ওপর যদি আক্রমণ আসে – আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সকল ভাষা সমান ভাবে সম্মাননীয়।”