সুমন তরফদার। কলকাতা সারাদিন।
বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বদলে গেল হুমায়ুন কবীরের রাজনৈতিক দলের নাম। ‘আম জনতা উন্নয়ন পার্টি’ হিসাবে ভরতপুরের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন। বুধবার রেজিস্ট্রেশন হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, হুমায়ুন কবীরের আবেদনে সাড়া দিয়ে তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পরে নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন। গত বছরের ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করেন তিনি। সেখান থেকেই তিনি নতুন দলের নাম ঘোষণা করে জানিয়েছিলেন, ‘জনতা উন্নয়ন পার্টি’, সংক্ষেপে জেইউপি। কিছু দিন আগে ‘জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। কিন্তু এর পর জানা যায়, জেইউপি নামে একটি রাজনৈতিক দলকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে কমিশন। জনৈক রুহুল আমিন ওই নামটিই কমিশনে জমা দেন। হুমায়ুন জানিয়েছিলেন, রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তিনি প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। এখন কমিশনের নির্দেশ মেনে নাম বদলে ‘জনতা উন্নয়ন পার্টি’র আগে ‘আম’ শব্দটি বসাবেন। ‘আমজনতা উন্নয়ন পার্টি’-র সংক্ষিপ্ত নাম ‘এজিইউপি’। জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এ বার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে হুমায়ুনকে। ওই তার পর রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেবে কমিশন। তারও পরে প্রতীকের জন্য আবেদন করা যাবে।
নতুন রাজা রাজনৈতিক দলের সঙ্গে নাম ঘোষনার পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির কাজ শুরু করেছেন হুমায়ুন কবীর। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে নিজের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন। হুমায়ুনের এই আবেদনে সাড়া দিয়ে জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেন হুমায়ুনের আবেদন বিচার করে দেখার জন্য। সূত্রের খবর, আদালতের নির্দেশ পাওয়ার পর ফের হুমায়ুনকে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে ফের আবেদন করতে হয়েছিল।
এবারে কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক অবশেষে অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা পেলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। বুধবার রাতেই কেন্দ্রীয় বাহিনীর ১১ জনের একটি দল হুমায়ুন কবীরের মানিক্যহারের বাড়িতে পৌঁছে গিয়েছে।

এখন থেকে হুমায়ুন কবীরের সুরক্ষায় ১১ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মধ্যে ছ’জন সব সময় মোতায়েন থাকবেন বলে জানা গিয়েছে। হুমায়ুনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য হুমায়ুন কবীরের পরিবারের তরফ থেকে তাঁদের বসতবাড়ির ঠিক উল্টোদিকে অবস্থিত অন্য একটি বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।