বাঁকুড়া বন বিভাগ থেকে গুটি গুটি পায়ে প্রায় ৬০ টি হাতি এগিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায়। ওই হাতির দলে বেশ কয়েক টি বাচ্চা হাতি ও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান বুধবার রাতেই ওই হাতির দলটি গড়বেতা এলাকায় প্রবেশ করতে পারে।
যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ও গোয়ালতোড় এলাকায় হাতির দলটি প্রবেশ করে ফসলের প্রচুর ক্ষতি করতে পারে বলে এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন। একদিকে প্রচন্ড গরম, ঠিক সেই সময় এলাকায় একদল হাতির দল এলাকায় প্রবেশ করতে পারে বলে অনুমান করে গড়বেতা এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।
গড়বেতা এলাকার বাসিন্দারা বিষয়টি বন্ধ দপ্তর কে জানিয়েছে। বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, হাতির যাত্রা পথে বাধা দিতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে ওই হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বনদপ্তরের কর্মীরা।
গড়বেতা এলাকায় বাঁকুড়া বন বিভাগ থেকে আসা হাতির দল যদি প্রবেশ করে, তাহলে ওই হাতির দলের কিভাবে মোকাবিলা করা হবে সেই বিষয় নিয়ে বন দপ্তরের আধিকারিকরা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। সেই জন্য বনদপ্তরের পক্ষ থেকে হাতির দলের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বন দপ্তরের এক আধিকারিক জানান।