শোভন গায়েন। কলকাতা সারাদিন।
কেন দাগি শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছেন? আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে। এভাবেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতি মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পরীক্ষায় অযোগ্যদের তালিকা প্রকাশ না করার জন্য শীর্ষ আদালতের তোপের মুখে পড়ল কমিশন। তাদের ও রাজ্য সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য, রাজ্য প্রশাসন দাগিদের ফের নিয়োগ প্রক্রিয়ায় ঢোকানোর চেষ্টা করছে। এক জনও দাগি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে তার ফল ভুগতে হবে এসএসসি-কে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির সময় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যদি অভিযোগকারীর আইনজীবী প্রমাণ করতে পারেন যে, আবার অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে, তাহলে কমিশনকে কড়া সমালোচনার মুখে পড়তে হবে। এসএসসি-র কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে। তারা যদি ওই প্রার্থীদের ছাড় দেয়, তাহলে তার ফল ভুগতে হবে।
৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে কিছু চাকরিপ্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুনানির সময় তারা অভিযোগ করেন যে এখনও অযোগ্য প্রার্থীরা নতুন পরীক্ষায় বসতে পারছেন। এই অভিযোগ শুনে বিচারপতিরা প্রশ্ন তোলেন, কেন এখনও পর্যন্ত অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়নি এবং কেন কমিশন তাদের হয়ে হাইকোর্টে গিয়েছিল? এর উত্তরে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, যোগ্য ও অযোগ্যদের নিয়ে কোনো রকম সমস্যা বরদাস্ত করা হবে না। বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন, নতুন নিয়োগ প্রক্রিয়ার উপর শীর্ষ আদালত প্রতি মুহূর্তে নজর রাখছে এবং কোনো রকম গরমিল দেখলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা হবে।
এর পাশাপাশি, অন্য একটি মামলায় এদিন এসএসসিকে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির আইনজীবীর কাছে জানতে চান, আগের নির্দেশ অনুসারে অযোগ্য প্রার্থীদের তালিকা পাবলিক ডোমেনে রেখেছেন? বিচারপতি প্রশ্ন করেন, এসএসসি কেন অযোগ্যদের নাম গোপন করতে চাইছে? কমিশনের আইনজীবীকে বিচারপতি বলেন, আপনি কয়েক সেকেন্ড আগে বললেন যে, তালিকা প্রকাশ করেছেন? দুঃখপ্রকাশ করে ৭ দিনের মধ্যে তালিকা প্রকাশের কথা বলেন এসএসসির আইনজীবী। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ৭ দিনের মধ্যে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্ট আগেই এই কথা বলেছিল। তবে তৃণমূল সরকার করবে না। আজ সুপ্রিম কোর্ট সাতদিনের সময় সীমা দিয়েছে। তবে আমি আপনাদের বলতে পারি ওরা এখনও সততার সঙ্গে সেই লিস্ট পাবলিশড করবে না। কারণ, ওরা জানে যাঁদের থেকে টাকা নিয়েছে তাঁদের নাম বেরিয়ে এলে বিপদ। তাই কোনও কাজই সততার সঙ্গে করবে না।