কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
‘নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’ এভাবেই সোমবার পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রতিবেশী তিন দেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের ঘটনা মনে করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, ‘সাম্প্রতিককালে অনেক ঘটনা ঘটেছে, তা দেখে যেন মুখ্যমন্ত্রী শিক্ষা নেয়, নইলে আগামীদিনে পশ্চিমবঙ্গে কোনও ঘটনা ঘটলে, তার দায় সম্পূর্ণভাবে বর্তাবে রাজ্যের পুলিশমন্ত্রী ও পুলিশের ওপর। শুভেন্দুর আরও বক্তব্য, রাজ্যের যুবদের ইমোশান, আবেগ নিয়ে খেলা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসন। কারণ যুবভারতী-কাণ্ডে স্বার্থ চরিতার্থ করতে দর্শকদের গ্রেফতার করছে। যাঁরা নিজেদের টাকা খরচ করে, লিওনেল মেসিকে দেখতে গিয়েছিল, কিন্তু তারপরেও দর্শকরা মেসিকে দেখতে পায়নি। আগে অরূপ বিশ্বাস ও সুজিত বসু-কে গ্রেফতার করা হোক।’
সোমবার হলদিয়া কলকাতা পোর্ট এন্ড ডক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক, তমলুক লোকসভা কেন্দ্রের প্রথম নির্বাচিত সাংসদ তথা হলদিয়া বন্দরের রূপকার সতীশ চন্দ্র সামন্ত মহোদয়ের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনে হলদিয়ার রাজপথে হাজার হাজার রাষ্ট্রবাদীদের সঙ্গে হাতে জাতীয় পতাকা নিয়ে সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে ভারতীয় মজদুর সঙ্ঘের কার্যালয়-এ আবক্ষ মূর্তি উম্মোচন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে সোমবারেই বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপির নায়ক শুভেন্দু অধিকারীর জন্মদিন। সকাল থেকেই শুভেন্দু অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির প্রথম সারির সমস্ত নেতা নেত্রীরা।

বিজেপিকে আনুন মেসিকে আনবো
এরমধ্যেই বিরোধী দলনেতার আশ্বাস, ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে ফের কলকাতায় আসবেন মেসি। শুভেন্দু অধিকারী বলেন, ছাব্বিশে বিজেপি বাংলার ক্ষমতায় এলে ফের কলকাতায় আসবেন মেসি। এবারের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেও আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘যদি হায়দরাবাদ-মুম্বই পারে, তাহলে আমরা কেন পারব না? আমরাও পারব।’
শুভেন্দুর এই মন্তব্যকে গুরুত্ব দিতেই নারাজ তৃণমূল। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের কটাক্ষ, ‘যা হয়েছে তা নিন্দনীয়। তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু শুভেন্দুবাবু কি ভাবছেন যে উনি মেসিকে পকেটে রাখেন? ওনাকে মণ্ডল সভাপতি মনে করেন? ইচ্ছে হলেই নিয়ে আসবেন! আসলে শুভেন্দুবাবু দুনিয়া সম্পর্কে জানেন না। কীভাবে এই ধরনের ট্যুর আয়োজন করা হয় সেটাও জানেন না। সেই কারণেই এই ধরণের কথা বলছেন।’