সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
কলকাতার যাতায়াতের অন্যতম ভরসা মেট্রো। এবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ৯.৪০ পর মেট্রো সংখ্যা বাড়ানোর দাবিতে করা জনস্বার্থ মামলায় নির্দেশ বড় দিল কলকাতা হাইকোর্ট। সাধারণ মানুষের কথা ভেবে মেট্টো কতৃপক্ষকে বিষয়টির বিবেচনা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
আবেদনকারীদের দাবি, রাত ৯.৪০ পর প্রায় এক ঘন্টা মাত্র ২ টি মেট্রো চালানো হচ্ছে। ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ঐ মেট্রো সংখ্যা বাড়িয়ে ৪ করার দাবি জানিয়েছেন আবেদনকারীরা।
রাতে ঘড়ির কাঁটা ৯টা ৪০ এর ঘরে যেতে না যেতেই বাড়তে থাকে সমস্যা। এদিকে তখনও রাজপথে ব্যাপক জ্যাম। রাস্তার যানজট এড়িয়ে যে পাতালপথে প্রবেশ করবেন সেই উপায়ও একপ্রকার ‘বন্ধ’! তাই মেট্রোর সংখ্যা বৃদ্ধির দাবিটা বেশ কিছুদিন ধরেই জোরাল হচ্ছিল। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটের পর পাঁচ মিনিট অন্তর আরও চারটি মেট্রো বাড়ানোর দাবিতে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।
এ প্রসঙ্গে, কেন্দ্রের আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, সিগনালিং ব্যবস্থায় কর্মরত কর্মীদের শিফটিং, মেট্রো কোচের সংখ্যা এবং পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের শিফটিং এর সমস্যার জেরেই মেট্রো মামলার আবেদন মেনে বাড়ানো সম্ভব নয়। সারাদিনের পরিষেবাকে সঠিক ভাবে চালু রাখতে মেট্রোর এই ব্যবস্থা।
যদিও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস ডিভিশন বেঞ্চের নির্দেশ, যাত্রী সাধারণের কথা ভেবে বিষয়টি বিবেচনা করুক মেট্রো কতৃপক্ষ।