সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
২০১১ সাল থেকে যে দৌড় শুরু হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এবারেও সেই দৌড় অব্যাহত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অন্ততপক্ষে ২০৫ আসনে জিতে টানা চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় স্তরের একাধিক বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে এমনটাই।
‘জনমত পোলস’-এর এক্সিট পোল অনুযায়ী, তৃণমূল ১৯৫-২০৫, বিজেপি ৮০-৯০, কংগ্রেস ১-৩, বামফ্রন্ট ০-১, অন্যান্য ৩-৫ আসন পেতে চলেছে।
তবে শুধুমাত্র জনমত পোলস যে এই হিসাব দিচ্ছে তা নয়, সামান্য এদিক ওদিক হলেও প্রায় একই রকম দাবি করেছে আর এক সর্বভারতীয় স্তরের সমীক্ষা সংস্থা পিপলস পালস।
বাকি সব সংস্থা বিজেপিকে একটু এগিয়ে রাখলেও ‘পিপলস পালস’ কিন্তু এগিয়ে রাখছে তৃণমূলকে। এই সংস্থার মতে, এবারের নির্বাচনের নিরিখে তৃণমূল পেতে পারে ১৭৭ থেকে ১৮৭টি আসন। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। সিপিএম পেতে পারে ০-১টি মাত্র আসন আর কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টি আসন। কার্যত, পিপলস পালস বাংলার মসনদ দখলের লড়াইয়ে তৃণমূলকেই এগিয়ে রাখছে।
এর পাশাপাশি JVC-র exit poll-এর সমীক্ষায় তৃণমূল পাচ্ছে, ১৩১ থেকে ১৫২ টি আসন। বিজেপি পাচ্ছে ১৩৮ থেকে ১৫৯টি আসন। বাম পাচ্ছে শুন্য। কংগ্রেস পাচ্ছে শুন্য থেকে ২টি। অন্যান্যরা পেতে পারে শুন্য।

তবে বিগত বেশ কয়েকটি লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের নিরিখে দেখা গিয়েছে সর্বভারতীয় স্তরের একাধিক সংবাদ সংস্থা এবং সমীক্ষা সংস্থা যে কোনো কারণেই হোক বিজেপিকে অ্যাডভান্টেজ দেখালেও কার্যক্ষেত্রে দেখা গিয়েছে তা মুখ থুবড়ে পড়েছে চূড়ান্ত ফল ঘোষণার পরে।