সুমন তরফদার। কলকাতা সারাদিন।
‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে। পড়াশোনার বদলে ছাত্রদের রাস্তায় আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে । এখানে অরাজকতার বদলে পড়াশোনার পরিবেশ তৈরি করতে চাই।’ বাংলায় দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের জন্য বারুইপুরের জনসভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এভাবেই তীব্র হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ‘গোটা বিশ্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সম্মানের সঙ্গে নেওয়া হত। এই ক্যাম্পাসের ভিত্তিই ছিল জাতীয়তাবাদ। কিন্তু আজকের পরিস্থিতি দেখুন, ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে। দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে। পড়াশোনার বদলে ছাত্রদের রাস্তায় আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে। এখানে অরাজকতার বদলে পড়াশোনার পরিবেশ তৈরি করতে চাই। হুমকির বদলে সহমর্মিতা চাই।’
যাদবপুরের প্রসঙ্গে টেনে তৃণমূল সরকারকে বিঁধে তীব্র সমালোচনা করেন মোদি। তিনি বলেন, ‘যে সরকার নিজের রাজ্যের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে না, তারা বাংলার তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে কী করে রক্ষা করবে?’
Modi Kolkata : ভোটের মাঝেই গঙ্গায় ক্যামেরা হাতে পর্যটকের ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মোদির এই বক্তব্যের তীব্র নিন্দা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছাত্ররা প্রতিবাদে সরব হওয়া মানে অরাজকতা নয়। যাদবপুরে ছাত্ররা মেধার ভিত্তিতে ডিগ্রি নিয়ে নিজের কর্মক্ষেত্রে প্রবেশ করে। এটা অরাজকতা নয়। এভাবে আপনি বাংলাকে অপমান করতে পারেন না।’
অন্যদিকে, পানিহাটিতে অভয়ার মায়ের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে মোদি বলেন, ‘কলকাতা-সহ রাজ্যের সব শহরকে বরবাদ করে দিয়েছে তৃণমূল। বিগত ১৫ বছরের শাসনে রাজ্যের উদ্যোগ, উন্নয়ন, শিল্প সবকিছুই শেষ করে দিয়েছে তৃণমূল। একজন মা নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ তাঁকে কেড়ে নিয়েছে। আর বলা হয়, ধর্ষণ থেকে বাঁচতে, সুরক্ষিত থাকতে চাইলে সন্ধের পর না বেরতে! এটাই তৃণমূল বলে। বিজেপিকে আশীর্বাদস্বরূপ আপনারা ভোটে জেতান, সব ফাইল খুলব, বিচার হবে।’ পাশাপাশি মধ্যবিত্তের প্রতি দরদী মনোভাব নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘কংগ্রেস সরকারের আমলে এক জিবি ডেটা ৩০০ টাকায় পাওয়া যেত। এখন সেটা ১০ টাকায় পাওয়া যায়। তাই আজ প্রত্যেক মধ্যবিত্তের মাসে ৪-৫ হাজার বেঁচে যায়।’ এক্ষেত্রেও তৃণমূলকে একহাত নিয়ে মোদির বক্তব্য, ‘কলকাতা-সহ রাজ্যের সব শহরকে বরবাদ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিগত ১৫ বছরের শাসনে রাজ্যের উদ্যোগ, উন্নয়ন, শিল্প সবকিছুই শেষ করে দিয়েছে তৃণমূল।’

শুক্রবার পানিহাটির এক বিশাল জনসভা থেকে তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে উত্তর দমদম এবং সংলগ্ন এলাকার নিকাশি ব্যবস্থাকে ধুঁকিয়ে রাখছে। তাঁর দাবি, সংস্কার না হওয়ার পেছনে লুকিয়ে রয়েছে ‘টেন্ডার রাজনীতি’র স্বার্থ। প্রধানমন্ত্রী সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, ‘দমদম এলাকায় ১৫০ বছরের পুরনো ড্রেনেজ ব্যবস্থা দিয়ে কাজ চালানো হচ্ছে। জনসংখ্যা বাড়লেও পরিকাঠামো বাড়েনি। কেন পুরনো পাইপলাইন বদলানো হচ্ছে না? কারণ প্রতি বছর বর্ষায় মেরামতির নামে নতুন টেন্ডার ডেকে নিজেদের লোকেদের সুবিধা পাইয়ে দেওয়া তৃণমূলের মজ্জাগত অভ্যাস।’ তাঁর মতে, বাগজোলা খাল একসময় লাইফলাইন ছিল, আজ তা নর্দমায় পরিণত হয়েছে।