কথিত আছে মোগল সম্রাজ্ঞী নুরজাহান লাল গোলাপ পছন্দ করতেন , তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীর। তাই বেগমকে খুশি রাখতে প্রতিদিন এক টন তাজা গোলাপ নুরজাহান কে পাঠাতেন জাহাঙ্গীর।
তবে এখন সেসব অতীত, বর্তমান বাঙ্গালীদের এই লাল গোলাপ সারা দেয় সরস্বতী পুজোর থেকেই। তবে ভ্যালেন্টাইনস ডে সপ্তাহ শুরু হয় রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে। কয়েকদিন আগেও সেরকম ভাবে দাম পাচ্ছিলেন না গোলাপ চাষীদের থেকে শুরু করে গোলাপ ফুল ব্যবসায়ীরা।
নদীয়ার ধানতলা থানা এলাকা সহ পার্শ্ববর্তী গ্রামে চাষ হয় লাল গোলাপের। তবে এই গোলাপ শুধু লোকাল বাজার বা কলকাতায় নয় সুদূর এই গোলাপ পাড়ি দেয় নেপাল ভুটান সহ দিল্লী, বিহার, উড়িষ্যা, শিলিগুড়ি, আসাম। রানাঘাট, ধানতলা ও নৌকারি বাজার থেকে ফুল বরফ দিয়ে ভালো করে প্যাকিং করে পাড়ি দেয় সে সব জায়গায়।
ফুল ব্যবসায়ী জগবন্ধু সরকার বলেন দুই দিন আগেও গোলাপের দাম কম ছিল ,হঠাৎ করে আজ গোলাপের দাম ডবল হয়ে গিয়েছে। গোলাপ চাষিদের গলাতেও একই সুর। তারাও জানাচ্ছেন যে এবছর গোলাপ ফুলে সেভাবে লাভ না হলেও বর্তমানে এই রোজ ডে উপলক্ষে গোলাপের দাম বেড়েছে।