কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
‘এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে। তৃণমূল একটা ভোট পাবে না। হিন্দুরা বিজেপি ছাড়া কাউকে ভোট দেবে না। রাষ্ট্রবাদী মুসলিমরাও বিজেপিতে ভোট দেবে। এই চোর তৃণমূলকে একটাও ভোট দেবে না।’ ২০২৬ নির্বাচন নিয়ে এমন ভবিষ্যৎবাণী করলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তাঁর অভিযোগ, ‘মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করেছে, আর ছুঁড়ে ফেলেছে। আমরা কাজ দেব বলেছি।’
এবার বিধানসভা ভোটে দুটি কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু। ভবানীপুর আর নন্দীগ্রাম। গত সোমবার নন্দীগ্রাম কেন্দ্র মনোনয়নও পেশ করেছেন। অমিত শাহের সঙ্গে দাঁড়িয়ে মনোনয়নপত্র পেশ করবেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে। এর মাঝেই বুধবার নন্দীগ্রামেই শুভেন্দুকে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল সমর্থকরা। মেজাজ হারিয়ে গাড়ি থেকে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! হুঁশিয়ারি দিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘২১ সালের নির্বাচনের মতো করতে দেব না। দিন কাল বদলে গিয়েছে। এই রকম করবেন না। সবার কাছে যাওয়ার অধিকার আমার আছে। আমাকে দেখে এই রকম করবেন না। সব মুসলিম বাড়িতে যাব। আমার এমএলএ অফিস থেকে সবাই সাহায্য পেয়েছে।’ বুধবার নন্দীগ্রাম ১ নম্বর এলাকায় শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন শেখ রাকিবুলের বাড়িতে। বিজেপি প্রার্থীর দাবি, যেহেতু রাকিবুল বিজেপি করেন, সেই করাণে তৃণমূল তাঁদের সামাজিক ভাবে বয়কট করেছে। তাঁদেরই পাশে থাকার আশ্বাস দিতে সেখানে ছুটে যান শুভেন্দু। যে এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন, সেই এলাকা কার্যত তৃণমূলের দখলে। তখনই জয় বাংলা স্লোগান দেওয়া হয়।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘তৃণমূল সম্পূর্ণ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। তারা ভারতের সব থেকে বৃহৎ রাজনৈতিক দলকে এখানে কাজ করতে দেবে না। এটা মধ্যযুগীয় বর্বরতা। একুশ সালে ওরা আমাদের এখানে ঢুকতে দেয়নি। আমরা ঝামেলা করতাম।’