চিংড়িঘাটা মেট্রো পরিদর্শনে রেলমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, ‘উন্নয়নের পথে বাধা হয়েছিল আগের সরকার’
সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
‘কলকাতার মানুষের কাছে মেট্রো অত্যন্তই গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও মেট্রোর কাজ আটকে রেখেছিল আগের তৃণমূল সরকার। উন্নয়ন আটকে রাখা হয়েছিল।’ একদিনের সফরে কলকাতায় এসে বাংলায় আগামী দিনে অন্তত এক লক্ষ কোটি টাকার রেল প্রকল্পের বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পাশাপাশি চিংড়িঘাটা মেট্রো কাজ পরিদর্শন করে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পূর্বতন সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের পালাবদলের পরে নতুন বিজেপি সরকার এসে ছাড়পত্র দিতেই সেই কাজ পাঁচ দিনের মধ্যে শেষ করে ফেলেছেন মেট্রো কর্তৃপক্ষ। তার পরে এই প্রথম বার রাজ্যে এসে সেই চিংড়িঘাটায় মেট্রোর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়ে আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রেলবোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। বৈঠকে যোগ দিতে কলকাতায় এসে সকাল ১০টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার এয়ারপোর্ট থেকে বেরিয়েই মেট্রোয় চড়ে বসেন রেলমন্ত্রী। শুরুতেই বাংলার জন্য করেন বিরাট প্রতিশ্রুতি।
রেলমন্ত্রী জানান, ‘৪-৫ বছরের মধ্যে ৬০টি নিউ জেনারেশন মেট্রো আনা হবে কলকাতায়। ফলে আরও সুবিধা হবে যাত্রীদের।’ এদিন নবান্ন পৌঁছনোর আগে নোয়াপাড়া মেট্রোতে কর্মী ও যাত্রীদের সঙ্গে কথা বলেন অশ্বিনী বৈষ্ণব। পরে নোয়াপাড়া থেকে কনভয় ছেড়ে অটোতে উঠে পড়েন রেলমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে নেমেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরাসরি চলে যান জয় হিন্দ মেন্ট্রো স্টেশনে। সেখানে গিয়ে মেট্রো কর্মী, যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীরা মেট্রো পরিষেবা নিয়ে প্রশংসাও করেন তাঁর কাছে। তারপর মেট্রো চড়েই তিনি নোয়াপাড়ায় পৌঁছন।
মেট্রোর কাজ খতিয়ে দেখতে চিংড়িঘাটায় গিয়ে রেলমন্ত্রী বলেন, ‘কলকাতা মেট্রোর কাজ শুরু হয়েছিল ১৯৭২ সালে। পরের ৪২ বছরে শহরে মাত্র ২৮ কিলোমিটার কাজ হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আমলে গত ১২ বছরে মেট্রোর ৪৫ কিলোমিটারের কাজ হয়েছে। প্রধানমন্ত্রী প্রথম থেকেই কলকাতায় মেট্রোর কাজে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আগের সরকার তা হতে দেয়নি। বার বার তারা বাধা দিয়েছে।’

অন্যদিকে শনিবার কলকাতা মেট্রো ঘুরে দেখার সময়ে আচমকাই স্টেশনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পায়ের সামনে একটি খালি দুমড়ে যাওয়া জলের বোতল পড়ে। নিমেষে নিজে হাতে সেই বোতল কুড়িয়ে সামনের ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে সেটি ফেলেন রেলমন্ত্রী। মন্ত্রীকে এভাবে বোতল কুড়োতে দেখে তৎক্ষণাত হাত বাড়ান সঙ্গে থাকা নিরপত্তা আধিকারিক। কিন্তু সেটি তাঁর হাতে না দিয়ে রেলমন্ত্রী নিজেই তা ডাস্টবিনে ফেলে দেন। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।