সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
ছাত্র-ছাত্রীদের স্বার্থে নাকি ধর্মঘট ডাকা হয়েছে রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই! বাংলায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের ঢাকা ধর্মঘট নিয়ে তাই কঠোর অবস্থান গ্রহণ করতে চলেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। রবিবার লালবাজারে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা ) জাভেদ শামিম যৌথ সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা হলে যেতে যেতে কোন অসুবিধা না হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে সোমবার সকাল থেকেই তৎপর থাকবে পুলিশ।
যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই আন্দোলনে নেমে পড়েছে এসএফআই। বিভিন্ন জায়গায় মিছিল, অবরোধ শুরু হয়ে গিয়েছে। আবার ৩ মার্চ উচ্চমাধ্যমিকের প্রথম দিন ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসএফআইয়ের তরফে। কিন্তু ওইদিনই উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের মধ্যে এনিয়ে কিছুটা উদ্বেগ রয়েছেই।
তবে ধর্মঘট বা এসএফআইয়ের রাজনৈতিক কর্মসূচির জেরে পরীক্ষার্থীরা যদি কোথাও সমস্যায় পড়েন তবে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। রবিবার সাংবাদিক বৈঠকে এই নিয়ে মুখ খোলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
কলকাতার পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষাকেন্দ্রে সঠিকভাবে যেতে পারে। আসতে পারে। সেটা দেখা হবে। রাজনৈতিক কর্মসূচি নিয়ে বলে দিচ্ছি পড়ুয়াদের যাতে কোনওরকম সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। কোনওরকম রাস্তা অবরোধ বা অন্যরকমভাবে পড়ুয়াদের যদি কোথাও কোনও সমস্যা হলে আমরা আইনগত ব্যাবস্থা নেব। হেল্পলাইন নম্বরও জানিয়ে দিয়েছেন তিনি।
সেই হেল্পলাইন নম্বরটি হল, 9432610039। এই নম্বরে ফোন করতে পারেন। পরীক্ষার্থীরা কোথাও কোনও সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করতে পারেন। পুলিশ ব্যবস্থা নেবে।
কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে, ১০০ ডায়ালে ফোন করতে পারেন। আমরা আশা করি এই ইস্যুটা মাথায় রাখবেন যারা রাজনৈতিক কর্মসূচি কালকে রেখেছেন। রাজ্য পুলিশ এলাকায় কোথাও যাতে বাধা না হয়। কারোর যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা হবে। ১০০ নম্বরে ডায়াল করবেন। সবথেকে কাছের থানা থেকে সহায়তা পাবেন। যতটুকু হেল্প করার দরকার সবটা করা হবে। অত্যন্ত সিরিয়াসলি এটা দেখছি আমরা। এটা পড়ুয়াদের ভবিষ্যতের ব্যাপার। কাল পর্যাপ্ত পুলিশ থাকবে। ট্রাফিক বিভাগও সক্রিয় থাকবে। রেলস্টেশন ও বাসস্টপ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি যে ব্যবস্থা করা হয়েছে অত্যন্ত সহায়ক হবে। কিয়স্কে সিভিক ভলান্টিয়ার সহ রাজ্য পুলিশের যারা থাকবেন তাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পাবেন।
রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম স্পষ্ট জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে দিনগুলিতে চলবে প্রতিদিনই গোটা রাজ্যে পুলিশ সতর্ক থাকবে।
কোথাও কোন ধরনের অবরোধ বিক্ষোভ করতে দেওয়া হবে না। ট্রাফিক ব্যবস্থা সচল রাখার পাশাপাশি জনজীবন যাতে বিপর্যস্ত না হয় তার জন্য গোটা রাজ্যে পুলিশকে রাস্তায় নামার নির্দেশ দেওয়া হয়েছে। জোর করে যানবাহনের গতি অবরুদ্ধ করলে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হবে।
রাজ্য পুলিশের পক্ষ থেকে এডিজি (আইন শৃঙ্খলা) জানিয়েছেন, বিগত দিনের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের সময় মত পরীক্ষা হলে পৌঁছানো, এডমিট কার্ড হারিয়ে গেলে তা অতি দ্রুত খুঁজে দিয়ে তাকে পরীক্ষা দিতে দেওয়া বা অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার মত যে একের পর এক কাজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবেই উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের পাশে থাকবে পুলিশ কর্মীরা। সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত থাকবে ফোর্স।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, ৩রা মার্চ কিছু সংগঠন কিছু রাজনৈতিক কর্মসূচির কথা জানিয়েছে। আমরা সবটাই জেনেছি সোশ্যাল মিডিয়ার মারফত। যাদবপুর নিয়ে ২টো মামলা পুলিশ সুয়োমোটো করেছে। সব মিলিয়ে ৭টা মামলা হয়েছে। শিক্ষাবন্ধুদের অফিসে হামলার ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। কারা জড়িত রয়েছে তা দেখা হচ্ছে। যাদবপুরের কাছাকাছি সহ সর্বত্র পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা থাকবে। ট্রাফিকের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।