সুমন তরফদার। কলকাতা সারাদিন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়েই বিশ্বব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর ওপর রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন তিনি। নবান্ন সূত্রে এমনটাই জানা গেছে। জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে পরিবহন মন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী, “দফতরের সচিব বলল তুমি করে দিলে? এইভাবে হয় না। আমার কাছে আনবে না, ক্যাবিনেটে আনবে না, আর তুমি ঋণ নিয়ে নেবে?” এরপরই মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে স্পষ্ট নির্দেশ দেন, “আমার কাছে যেন সব আসে।”
পরিবহন মন্ত্রীকে কিছুটা ভর্ৎসনার সুরেই মুখ্যমন্ত্রী বলেন, “লিখিত ফাইল কোথায়? তুমি কি ফাইল পড়তে পারো না? সচিব বলল আর তুমি সই করে দিলে?”
পরিবহন দফতরের পাশাপাশি জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কেও মন্ত্রিসভার বৈঠকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যে যে জায়গায় জলের পাইপ আছে সেখানে সেখানে যেন জল যায়।” এই ঘটনা রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ এবং ফাইল নিষ্পত্তির স্বচ্ছতা নিয়ে তার কঠোর মনোভাবকেই তুলে ধরে।
অন্যদিকে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পৃথক ফারাক্কা মহকুমা গঠনের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে গিয়ে পৃথক ফারাক্কা মহকুমা গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফারাক্কা সুতি ১ ও সুতি দুই এবং শামশেরগঞ্জ ব্লক নিয়ে তৈরি হবে এই নতুন মহকুমা। এছাড়াও সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে নতুন নিয়োগ এবং নিয়োগবিধি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস করা হয়েছে বলে জানা গিয়েছে।

আগেই সরকারি আইন পরিকাঠামো ঠিকঠাক করার বিষয়ে মন্ত্রীদের বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে সেই সমস্ত বিষয়ের পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দেখেন, ওই কাজগুলি এখনও হয়নি। সরকারি সূত্রে খবর, সে বিষয়ে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী রাজ্যের আইনমন্ত্রী মলয়কে বাড়তি দায়িত্ব দিয়েছেন। তা ছাড়া মন্ত্রী চন্দ্রিমাকেও বেশ কিছু দায়িত্ব দেন মমতা। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের ‘লিগ্যাল সেল’ থেকে মলয়কে সরিয়ে চন্দ্রিমাকে দায়িত্বে এনেছে তৃণমূল।