আজকের ব্যস্ত জীবনযাত্রা ও একটানা কাজের ফলে অনেকেই ভোগেন শারীরিক দুর্বলতা, ক্লান্তি ও মাংসপেশির ব্যথায়। এটি মূলত “Muscle Fatigue” বা মাংসপেশির ক্লান্তি নামে পরিচিত।
এই অবস্থায় মাংসপেশি তার স্বাভাবিক ক্ষমতায় কাজ করতে পারে না, কারণ পেশিতে রক্ত চলাচল কমে যায় এবং সংকোচনের ক্ষমতা কমে আসে।
অনেকক্ষণ বসে থাকা, দাঁড়িয়ে কাজ করা বা একঘেয়ে হালকা কাজ করলেও muscle fatigue হতে পারে। সময়মতো চিকিৎসা বা যত্ন না নিলে এটি দীর্ঘমেয়াদি ব্যথা, চলাচলের সমস্যা এবং জীবনমানের অবনতি ঘটাতে পারে। তবে কিছু সহজ ঘরোয়া উপায় ও জীবনধারার পরিবর্তনেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
মাংসপেশির ক্লান্তি দূর করতে অনুসরণ করুন এই সহজ টিপসগুলি:
১. নিয়মিত শরীরচর্চা ও নড়াচড়া করুন
একটানা বসে কাজ করলে প্রতি এক ঘণ্টা অন্তর দাঁড়িয়ে কয়েক মিনিট হাঁটুন। ঘাড় ঘোরানো, কাঁধ ঝাঁকানো ও কব্জির স্ট্রেচিং করলে পেশি নমনীয় থাকে। একই জায়গায় বেশি সময় বসে থাকবেন না। পরিবর্তন আনুন বসার ভঙ্গিতে।
২. সঠিক ভঙ্গিমায় থাকুন
সারাদিন কাজ করার সময় আপনার বসার ভঙ্গির উপর নজর দিন। দীর্ঘ সময় বসে থাকলে ব্যবহার করুন ইরগোনমিক চেয়ার। ওয়ার্কআউটের সময় সঠিক ভঙ্গিতে ব্যায়াম করা জরুরি, না হলে আরও ক্ষতি হতে পারে।
৩. গরম বা ঠান্ডা সেঁক দিন
পেশির শক্ত জায়গায় গরম পানির প্যাক ব্যবহার করুন, যা রক্ত চলাচল বাড়ায়। আর যেসব জায়গায় বেশি ব্যথা বা ফোলা আছে, সেখানে বরফ প্যাক ১০-১৫ মিনিট ব্যবহার করুন। প্রয়োজনে গরম ও ঠান্ডা সেঁক একসঙ্গে পালা করে দিন।
৪. টপিক্যাল পেশির ক্রিম ব্যবহার করুন
বাজারে কিছু কার্যকরী পেশির ক্রিম পাওয়া যায় যেমন বোসওয়েলিয়া এক্সট্র্যাক্ট (inflammation কমায়), ইউক্যালিপটাস অয়েল (রক্ত চলাচল বাড়ায়) বা ক্যাপসাইসিন এক্সট্র্যাক্ট (উষ্ণতা দেয়)। আক্রান্ত স্থানে হালকা হাতে ম্যাসাজ করে লাগান।
৫. বিশ্রাম ও ঘুমকে গুরুত্ব দিন
সারাদিনের শেষে পা উঁচু করে বিশ্রাম নিন। প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘণ্টা গভীর ঘুম খুবই জরুরি। এছাড়া যোগব্যায়াম বা হালকা স্ট্রেচিং পেশিকে নমনীয় করে এবং ক্লান্তি কমায়।
শরীরের সংকেতকে গুরুত্ব দিন। প্রাথমিক পর্যায়েই muscle fatigue এর যত্ন নিলে ভবিষ্যতের অনেক সমস্যা এড়ানো সম্ভব। এই সহজ ঘরোয়া টিপসগুলি মেনে চললে আপনি পাবেন সজীবতা ও শক্তিতে ভরপুর এক স্বাস্থ্যকর জীবন।
বিশেষজ্ঞ মত:
ড. (প্রফেসর) রবি সাউথা, চিফ অ্যান্ড এইচওডি, অর্থোপেডিকস ও রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, আর্টেমিস হাসপাতাল
প্রয়োজনীয় সাবধানতা ও রুটিন পরিবর্তনে Muscle Fatigue আর থাকবে না জীবনের ব্যারিকেড। যত্ন নিন, সুস্থ থাকুন।