শোভন গায়েন। কলকাতা সারাদিন।
‘আমরা ওন্দা থানার পুলিশ-সহ বাঁকুড়া জেলার পুলিশ সুপারকে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। নইলে ২৬ জানুয়ারির পরে আমরা তাপস বারিককে নিয়ে গঙ্গার ওপারে (কলকাতা) যাব। হাই কোর্টের দ্বারস্থ হব।’ এভাবেই বাঁকুড়ার ওন্দায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি রাজ্য পুলিশের উদ্দেশ্যে রীতিমতো ডেডলাইন বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সম্প্রতি তাপস বারিক নামে এক স্থানীয়ের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। পেট্রল ঢেলে তাঁর বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেওয়ার খবর আলোড়ন ফেলে দেয় বাঁকুড়ায়। তাঁদের অভিযোগ, তাপস ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তৃণমূল। যদিও এই দাবি অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এমনটা হয়েছে বলে মত তৃণমূলের। এখনও কোনও পুলিশি পদক্ষেপ না হওয়ায় শনিবার বাঁকুড়ার ওন্দায় পৌঁছে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পুলিশ জামাতে পরিণত হয়েছে। এখানে কেউ বিজেপি করতে পারবে না, সবাইকে তৃণমূল করতে হবে।’ বিজেপির পক্ষ থেকে তাপস বারিককে বাড়ি ও দোকান ঘর পুনর্গঠন করার জন্য অর্থ সাহায্য করা হয়েছে। একইসঙ্গে দোকানটি কতটা ক্ষতগ্রস্থ হয়েছে, তা খতিয়ে দেখে পুনরায় ব্যবসা শুরু করার জন্যও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। শুভেন্দু বলেন, ‘আইনি পদক্ষেপ তো আমাদের হাতে নেই। আমাদের হাতে যা আছে, সেটা আমরা করছি। অর্থ সাহায্য করছি। বিজেপি করতে গিয়ে যদি এই পরিবারের এমন দশা হয় তবে বিজেপিই তাদের পাশে থাকবে। অস্থায়ী থাকার বন্দোবস্তও করা হয়েছে।’ তাপসের বাড়ি ওন্দা থানার নন্দনপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, গত বুধবার রাত ৯টা নাগাদ স্থানীয় নাকাইজুড়ি এলাকায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরেন বিজেপির সোশ্যাল সেলের নেতা তাপস বারিক। তাপসের দাবি, গভীর রাতে কোনও শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। তখনই লক্ষ্য করেন তাঁর বাড়ির খড়ের চালে পেট্রোল ঢেলে কয়েক জন দুষ্কৃতী আগুন ধরিয়ে দিয়েছে। ঘরের দরজা বাইরে থেকে ছিটকানি দিয়ে আটকে দেয় দুষ্কৃতীরা। ওই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে ওন্দায় প্রতিবাদ মিছিল এবং সভা করেছে বিজেপি। শুভেন্দু দোষীদের গ্রেফতারির জন্য ওন্দা থানার পুলিশকে আগামী ২৬ জানুয়ারী পর্যন্ত সময় দেন। তাঁর দাবি, তাপস বিজেপি করেন বলেই এই হামলা হয়েছে।

যদিও শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের ওন্দা ব্লকের সহ-আহ্বায়ক চিন্ময় শর্মার দাবি, ‘পুলিশ পুলিশের কাজ করছে। এই ঘটনায় যিনি বা যাঁরাই যুক্ত থাকুন, আমরা চাই তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক। কিন্তু বিজেপি এ নিয়ে নোংরা রাজনীতি করছে। আগামী দিনে রাজ্যের মানুষ বিরোধী দলনেতাকেই পরিবর্তন করে দেবে।’