বিনোদন প্রতিবেদন | কলকাতা সারাদিন নিউজ ডেস্ক
আন্তর্জাতিক মঞ্চে ফের একবার স্বীকৃতি পেল বাংলা চলচ্চিত্র জগৎ। কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র “সুন্দরবনের বেলা”। সুন্দরবনের বাঘ বিধবা ও প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করা সাধারণ মানুষের জীবনের বাস্তব চিত্র এই ছবির মূল বিষয়বস্তু।
আগামী ৩ আগস্ট, সকাল ৯টা, কলকাতার শহীদ সূর্য সেন হলে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০২৫-এর এই সংস্করণে মোট ৩৬টি স্বল্পদৈর্ঘ্যের ছবি স্থান পেয়েছে, যার মধ্যে অন্যতম হলো পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত “সুন্দরবনের বেলা”।
এই ছবির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন বিশ্বজিৎ পাল, যিনি নিজেই সুন্দরবনের মানুষদের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতাকে পর্দায় তুলে ধরেছেন। ছবিতে দেখা যাবে, কীভাবে প্রাকৃতিক বিপর্যয়, বাঘের আক্রমণ ও সামাজিক বাস্তবতায় ভুগে চলে সুন্দরবনের মানুষদের দিনযাপন।
সঙ্গীতেও এক অনন্য ছোঁয়া রেখেছে এই ছবি। ছবির গানে সুর দিয়েছেন সত্যজিৎ পাল। গীতিকার বিশ্বজিৎ পাল নিজেই এবং কণ্ঠ দিয়েছেন স্বরুপা শর্মা, মাস্টার সর্বজিৎ কুমার ও বিশ্বজিৎ পাল।
ডিওপি হিসেবে ছিলেন অমিত মুখার্জি এবং সম্পাদনায় ছিলেন সুমন্ত ঘোষ। প্রযোজনায় রয়েছেন কাকলী পাল এবং রূপসজ্জায় সুরজিৎ পাল।
অভিনয়ে রয়েছেন সৌগত ঘোষ, তনুশ্রী মণ্ডল, মিনাক্ষী দাস, পলাশ দাস, নীলাঞ্জনা পাত্র, রূপা সূতার, অমল নায়েক, জুলি সরদার, সুজাতা নাথ, অভিজিৎ শ্রীমানী, বিমল দাস, তুলিকা দাস, শঙ্করি পাল, প্রসেনজিৎ অধিকারী, তন্ময় নস্কর সহ একঝাঁক দক্ষ শিল্পী ও কলাকুশলী।

এই উৎসবের টেকনিক্যাল হেড অয়ন রায় জানিয়েছেন, “চলতি বছরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৩৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্থান পেয়েছে। ‘সুন্দরবনের বেলা’ তার মধ্যে অন্যতম। এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি সংগ্রামী অঞ্চলের মাটির গন্ধ মেশানো বাস্তবতা।”

সুন্দরবনের প্রান্তিক মানুষের যন্ত্রণা, তাদের স্বপ্ন, এবং জীবনের লড়াই ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। একদিকে যেমন প্রকৃতির নির্মমতা, অন্যদিকে মানুষের জীবনের রঙ – সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক অনন্য সিনেম্যাটিক অভিজ্ঞতা।
এই চলচ্চিত্র ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে সকল সিনেমাপ্রেমী ও সচেতন নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। কারণ, একেকটা ছবি কেবল বিনোদন নয়, সমাজের আয়নাও বটে।

Kolkata Saradin Entertainment Desk-এর পক্ষ থেকে “সুন্দরবনের বেলা” টিমকে জানাই অনেক অভিনন্দন!
চোখ রাখুন আমাদের বিনোদন পাতায়, আরও আপডেটের জন্য।