রফিকুল ইসলাম। কলকাতা সারাদিন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আগামী মঙ্গলবার শপথ গ্রহণ করবেন বাংলাদেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তার আগেই একদিকে যেমন দেশ জুড়ে হিংসা এবং বিরোধীদের আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের ভবিষ্যৎ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, পাশাপাশি দেশের প্রধান বিরোধী দল জামাতের প্রধানের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন হবু প্রধানমন্ত্রী তারেক। দীর্ঘক্ষণ বৈঠক করলেন ছাত্রনেতা তথা এবারের বাংলাদেশ নির্বাচনে জামাতের সহযোগী হিসেবে তবে লড়াই করা এনসিপি-র প্রধান নাহিদ ইসলামের সঙ্গেও।
আজ রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাড়িতে পৌঁছে যান বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এযাবৎকালের সবথেকে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। বিএনপি মিডিয়ার সেল সূত্রে জানানো হয়েছে, মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতের আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান। দুজনের মধ্যে প্রায় ঘন্টাখানেকের সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয় বলে জানা গিয়েছে। তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে জামায়াত প্রধানের সঙ্গে বৈঠকের পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পৌঁছে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়িতে। ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান হয়েছিল তাতে ছাত্রদের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম পরবর্তীকালে নতুন রাজনৈতিক দল এনসিপি তৈরি করে এবারের বাংলাদেশ সাধারণ নির্বাচনে লড়াই করেছিলেন জামায়াতের জোট সঙ্গী হিসেবে। কিন্তু তার দল দুই অঙ্কের আসন জিতে উঠতে পারেনি। তবে তারপরেও এন সি পি আগামী দিনের লড়াইয়ের রাস্তা থেকে সরবে না বলে আরো একবার হুংকার দিয়ে আজ নাহিদ ইসলাম জানিয়ে দিয়েছেন, আজ আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়। আমাদের সংগ্রাম চলবে—প্রতিটি বাধা অতিক্রম করে। জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমাদের বিজয়ী করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, সব ধরনের হুমকি, ষড়যন্ত্র ও পেশিশক্তির চ্যালেঞ্জ উপেক্ষা করে জনগণ যে সাহস ও ঐক্য দেখিয়েছে, তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।
রবিবার রাত আটটা নাগাদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়িতে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের হবু প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের আগে নাহিদ ইসলামের বেইলি রোডের বাড়ির সামনে মোতায়েন করা হয় চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা।

জানা গিয়েছে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী হলেও আগামী দিনের সরকার পরিচালনার ক্ষেত্রে নাহিদ ইসলাম এবং তার দল এনসিপির সহযোগিতা চান বলে জানিয়েছেন তারেক। দেশ পরিচালনার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রার্থনা করেন তারেক রহমান।