সুমন তরফদার। কলকাতা সারাদিন।
পশ্চিমবঙ্গ থেকে খালি হওয়া তিনটি রাজ্যসভা আসনের জন্য বিজেপির টিকিটের মনোনয়নপত্র পেশ করলেন তৃণমূলের টিকিটের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে আসা সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সোমবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন এই তিন প্রার্থী।
রাজ্যসভার সাংসদপদে প্রথম ইস্তফা দেন সুখেন্দুশেখর। গত ৮ জুন থেকে ওই আসনটি ফাঁকা। তার পরে ১০ জুন সুস্মিতা এবং ১১ জুন প্রকাশ চিকও রাজ্যসভার সাংসদপদ ছাড়েন। পশ্চিমবঙ্গ থেকে ওই তিন আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন হবে। তার জন্য মনোনয়ন জমার শেষ দিন ১৪ জুলাই।
মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে ১৫ তারিখ। মনোয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই। কমিশন জানিয়েছে, আগামী ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এই তিন আসনে কোনও প্রার্থী দিতে পারবে না বিরোধী তৃণমূল। তাই পদ্মপ্রতীকে এই তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন।
গত বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে গিয়ে পদ্মশিবিরে যোগ দেন তৃণমূলত্যাগী তিন প্রাক্তন সাংসদ। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন শমীক। তাঁদের যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি। প্রার্থী করা হয় তৃণমূলত্যাগী তিন প্রাক্তন সাংসদকে। মনোনয়ন জমা দেওয়ার পর সুখেন্দুশেখর রায় বলেন, ‘রাজ্যসভার সাংসদ পদ আমি ছেড়ে এসেছিলাম। সেই শূন্যপদ পূরণের জন্য আজ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে আমি মনোনয়ন জমা দিলাম। সঙ্গে সঙ্গে আমার নির্বাচনী পদ্ধতি শুরু হয়েছে। সেটা শেষের জন্য অপেক্ষা করতে হবে। তার আগে আর কিছু বলব না।’ সোমবার তৃণমূলত্যাগী তিন প্রার্থীর বিধানসভায় গিয়ে মনোনয়ন দেওয়ার কথা ছিল। সেইমতো বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁরা পৌঁছে যান বিধানসভায়। তাঁদের পরপরই যান বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।

বিধানসভায় ভানুভক্তের ছবিতে মাল্যদানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিন প্রার্থী – সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকের সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে মনোনয়ন পেশ করতে যান তিনজন। দলের চিহ্ন হিসেবে তাঁদের গলায় ছিল গেরুয়া উত্তরীয়।