শোভন গায়েন। কলকাতা সারাদিন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন শহরের সময়ে কেলগ কলেজের অডিটোরিয়ামে তাঁর বক্তব্য চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল ইংল্যান্ড প্রবাসী এক বাঙালি ডাক্তারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে নাকি বাংলার পুলিশ বিভিন্ন রকম হেনস্থা চালাচ্ছে বলে অভিযোগ তুলে সেই চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর তাই নিয়েই শুক্রবার দিনভর চললো কলকাতা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ এবং বচসা।
সেই চিকিৎসকের সঙ্গে দেখা করতে গেলে সুকান্তকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রাস্তায় নেমে সেই চিকিৎসক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে, তাঁকেও তুলে নেওয়া হয় পুলিশের গাড়িতে। দুজনকে আটক করা হয়। পুলিশের গাড়িতে ওঠার আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “কেন আমাদের আটক করা হল জানি না। বিশ্বের কোথাও এমন হয় না।” এদিন বিকেলে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে ডিসি সাউথের নেতৃত্বে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী।
শুক্রবার ভবানীপুরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে যান সুকান্ত মজুমদার। পুলিশের বাধা উপেক্ষা করে বাইকে চড়ে সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। এরপরই হরিশ মুখার্জী রোডে চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে স্থির করেন সুকান্ত। সেই অনুযায়ী গাড়ি এগোতে না এগোতেই তাঁকে বাধা দেয় পুলিশ। জানানো হয়, এই মুহূর্তে চিকিৎসক বাড়িতে নেই। এদিকে, তার কিছুক্ষণের মধ্যে সোশাল মিডিয়ায় বিজেপির তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। যাতে দেখা গিয়েছে, বাড়িতেই রয়েছেন চিকিৎসক। তাতে উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। এভাবে প্রায় ঘণ্টাখানেক সময় কেটে যায়।
ইতিমধ্যে নিজের বাড়ি থেকে হেঁটে হরিশ মুখার্জী রোডে পৌঁছন চিকিৎসক। বলে রাখা ভালো, লন্ডন সফরের মাঝে কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করেছিলেন চিকিৎসক রজতশুভ্র মুখোপাধ্যায়। শুক্রবার মাঝরাস্তায় দাঁড়িয়ে সেই চিকিৎসকের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতির বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপরই দু’জনকে আটক করা হয়। তাতে বাধা দিতে যান বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, তাঁদের কার্যত টেনেহিঁচড়ে সরিয়ে পুলিশের গাড়ি এগিয়ে যায়।