সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী সংকল্প পত্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রথম তিন মাসের মধ্যেই ঘোষণা হল সপ্তম পে কমিশন।
অর্থ দফতর থেকে সরকারিভাবে সপ্তম পে কমিশনের বিজ্ঞপ্তি জারি করে কমিশন গঠন করা হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন, ভাতা বৃদ্ধি নিয়ে পর্যালোচনা হবে এই পে কমিশনে। এ ছাড়াও বর্তমান ডিএ কাঠামোকে পর্যালোচনা করে সেটাকে আরও সামঞ্জস্যপূর্ণ করা হবে এই পে কমিশনে।
অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মীদের বেতন, ভাতা, ডিএ ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে পে কমিশনে। সরকারি কর্মী, বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীদের কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করে সুপারিশ করবে কমিশন। বর্তমান ডিএ কাঠামো পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরামর্শ দেবে পে কমিশন। বর্তমান বেতন ও ভাতা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে কমিশন। মেধা আকর্ষণ ও ধরে রাখার লক্ষ্যে কাজের মান উন্নত করা নিয়ে সুুপারিশ করবে কমিশন। কাজের সঙ্গে জীবনের ভারসাম্য উন্নত করার প্রস্তাব দেবে পে কমিশন।
জানা গিয়েছে কমিশন গঠনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। তারপরেই প্রথা অনুযায়ী গঠন করা হয়েছে চার সদস্যের এক উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি। কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীকে। তিনি কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক ডক্টর পার্থ মুখোপাধ্যায়। পাশাপাশি সদস্য করা হয়েছে আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পালকে। এ ছাড়া কমিশনের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইএএস তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের সচিব দেবী প্রসাদ করণম।