পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে জানালেন, দুর্গাপুরের সরকারি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটের দুই প্রশিক্ষক – শ্রী সুকান্ত কোনার এবং শ্রী ইন্দ্রনীল মুখার্জী – জাতীয় পর্যায়ের শিক্ষকদের মধ্যে নির্বাচিত হয়ে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মানিত হয়েছেন। সারা দেশের মধ্যে মোট ১৬ জন নির্বাচিত শিক্ষকের মধ্যে এই দুই বাঙালি প্রশিক্ষকের নাম অন্তর্ভুক্ত হওয়া রাজ্যের জন্য এক বড় গৌরব।
মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন –
“গর্বের সঙ্গে জানাচ্ছি যে দুর্গাপুর সরকারি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটের আমাদের দুই প্রশিক্ষক – শ্রী সুকান্ত কোনার এবং শ্রী ইন্দ্রনীল মুখার্জী – ভোকেশনাল ট্রেনিংয়ে উৎকর্ষতার জন্য ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন। সারা ভারতের মধ্যে ১৬ জন পুরস্কৃতদের মধ্যে এঁরা রয়েছেন। এই সম্মান আমাদের রাজ্য সরকারের বিশ্বমানের টেকনিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থার প্রতি নিবেদিত প্রচেষ্টার প্রতিফলন। আমাদের যুব সমাজকে কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের সুযোগ করে দিতেই এই উদ্যোগ। পুরস্কৃতদের, তাঁদের পরিবারকে এবং রাজ্যের টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং ও স্কিলিং ব্যবস্থার সকলকে আন্তরিক অভিনন্দন।”
রাজ্যের প্রযুক্তি শিক্ষার অগ্রগতির এই স্বীকৃতি আবারও প্রমাণ করল, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের দিকে নজর রেখে পশ্চিমবঙ্গ সরকার নিরলসভাবে কাজ করছে। দুর্গাপুর আইটিআই-এর এই সাফল্য গোটা রাজ্যের প্রযুক্তি শিক্ষার মানকে জাতীয় স্তরে তুলে ধরেছে।

শিক্ষাক্ষেত্রে এই পুরস্কার প্রমাণ করে যে, শুধুমাত্র একাডেমিক শিক্ষাই নয়, বরং ভোকেশনাল ট্রেনিং ও টেকনিক্যাল এডুকেশনও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ও স্বীকৃতি আগামী প্রজন্মকে আরও দক্ষ, আত্মনির্ভরশীল এবং কর্মসংস্থানের উপযোগী করে তুলতে সহায়ক হবে।
এই পুরস্কার পশ্চিমবঙ্গের জন্য যেমন গৌরবের, তেমনই দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করার এক অনন্য দৃষ্টান্ত।