সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
ভারতের মধ্যেই তিনি একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশী তকমা লাগিয়ে দেওয়া অথবা বাংলাদেশের সন্দেহে গ্রেফতার করে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে আজ থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে নতুন করে ভাষা আন্দোলন শুরু করল তৃণমূল।
মুখ্যমন্ত্রী গতকাল সোমবারেই নির্দেশ দিয়েছিলেন জেলায় জেলায় ভাষা আন্দোলন গড়ে তোলার। স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে মুনি ঋষির ছবি পড়েছে ধর্মতলা চত্বর জুড়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, প্রীতিলতা ওয়াদ্দেদার। রবীন্দ্রনাথ ঠাকুর হোক কিংবা কাজী নজরুল ইসলাম। বাংলার সংস্কৃতিকে যারা ইতিহাস থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন সাক্ষী রাখা হয়েছে তাঁদের প্রতিকৃতিও।
আজকের প্রতিবাদী মঞ্চ থেকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাংলা কথা বাঙালিদের প্রতি কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে বঞ্চনা এবং অত্যাচারের বিস্ফোরক অভিযোগ করেন।

বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ইতিহাস পুনর্লিখনের চেষ্টা হচ্ছে। আর তা করতে গেলে বাঙালিকে মুছে না দিলে হবে না! স্বাধীনতার লড়াইয়ে যাদের ভূমিকা ছিল না তারা বীর বাঙালির গাথা ভুলিয়ে দিতে চাইছে। এটা হতে পারে না।