শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বিরাট কোহলি। কয়েকদিন আগেই তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। বিসিসিআই তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কিছুটা সময় দিয়েছিল। কিন্তু, বিরাট নিজের সিদ্ধান্তে শেষপর্যন্ত অনড় রইলেন।
আপাতত একদিনের ক্রিকেটে তাঁকে খেলতে দেখা যাবে।
কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। লাল বলের ক্রিকেট থেকে হিটম্য়ান সরে যাওয়ার পরই বিরাট নিজের সিদ্ধান্তের কথা বোর্ড কর্তাদের জানিয়ে দিয়েছিলেন।
কিন্তু, আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। দুই দেশের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে বিরাটের কাছে বিসিসিআই অনুরোধ করেছিলেন, কিং কোহলি নিজের সিদ্ধান্ত যেন প্রত্যাহার করে নেন। কিন্তু, কোনও অনুরোধেই শেষপর্যন্ত পাত্তা দিলেন না বিরাট।
একনজরে বিরাটের টেস্ট কেরিয়ার
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিরাট অবসর গ্রহণ করার পরই টিম ইন্ডিয়ায় কার্যত একটি অধ্যায়ের অবসান হল। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয় করার পরই এই ফরম্য়াট থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাবেন বলে মনস্থির করে ফেলেছেন।
কোহলি এখনও পর্যন্ত ১২৩ টেস্ট ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ৪৬.৮৫ ব্যাটিং গড়ে মোট ৯,২৩০ রান করেন। তাঁর ব্যাট থেকে ৩০ সেঞ্চুরি, ৩১ হাফসেঞ্চুরি এবং ৭ ডাবল সেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে।
ভারতীয় টেস্ট ক্রিকেটে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে অবসর গ্রহণ করলেন বিরাট কোহলি। তাঁর সামনে রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাসকার। ২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য ছিলেন কিং কোহলি। এই জয়ের মাত্র ২ মাস পরই টেস্ট ক্রিকেটে পা রাখেন বিরাট।

জামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর টেস্ট ডেবিউ হয়েছিল। আর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটি বিরাট সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন। টেস্ট কেরিয়ারে বিরাট সর্বাধিক ২৫৪ (নট আউট) রান করেছিলেন। ২০১৯ সালে পুনের মহারাষ্ট্র ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন তিনি।