জাতীয় স্তরের বডি বিল্ডিং প্রতিযোগিতায় রুপোর পদক জিতলেন সাঁকরাইলের সারেঙ্গার অনিন্দ্য মোশেল। সম্প্রতি উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে ১৪ তম ফেডারেশন কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়ানশিপে ৭৫ কেজি বিভাগে এই খেতাব জিতেছেন অনিন্দ্য।
ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনের উদ্যোগে এবং ইউপি বডি বিল্ডিং এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন ও লক্ষ্ণৌ বডি বিল্ডিং ফিটনেস অ্যাসোসিয়শন আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ২২টি রাজ্যের ৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল।
এর আগে অনিন্দ্য বডি বিল্ডিং প্রতিযোগিতায় হাওড়া জেলা চ্যাম্পিয়ান, ফর এভার ক্লাসিক, চ্যাম্পিয়ান অফ চ্যাম্পিয়ান, বঙ্গ বীর ২৫ খেতাব অর্জন করেছিলেন।
এর পাশাপাশি ২০১৭ সালে পাঞ্জাবের লুধিয়নায় জাতীয় স্তরের বডি বিল্ডিং প্রতিযোগতায় পঞ্চম এবং ২০২২ সালে লুধিয়ানার প্রতিযোগিতায় প্রথম দশে স্থান করে নিয়েছিলেন।
অনিন্দ্য মোশেল জানান উলুবেড়িয়ার বাগ বডি বিল্ডিং থেকে হাতেখড়ি। আগামীদিনে ভূটানে আয়োজিত সাউথ এশিয়া এবং এশিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান অনিন্দ্য মোশেল।